৬ নম্বরে ইতিহাস স্টোকসের, হলো না ছক্কার রেকর্ড
৬ নম্বরে নেমে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংস খেলেছেন বেন স্টোকস। গড়েছেন টেস্টে দ্রুততম আড়াইশ’ রানের রেকর্ড। তবে অল্পের জন্য হাতছাড়া করেছেন ছক্কার বিশ্বরেকর্ড!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড ১৬৭ রানে ৪ উইকেট হারালে ব্যাটিংয়ে নেমেছিলেন স্টোকস। প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৭৪ রানে। রোববার দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝি যখন রান আউট হয়ে ফিরছেন স্টোকস, নামের পাশে তখন ১৯৮ বলে ২৫৮!
৬ নম্বরে নেমে টেস্ট ক্রিকেটে আড়াইশ’ রানের ইনিংস ছিল আর কেবল একটিই। সেই ১৯৭৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ২৫০ করেছিলেন অস্ট্রেলিয়ার ডগ ওয়াল্টার্স।
আড়াইশ’ ছোঁয়ার আগেই অবশ্য আরেকটি বিশ্ব রেকর্ডে নাম লেখান স্টোকস। দিনের প্রথম সেশনে একাই করেছেন ১৩০ রান। টেস্ট ইতিহাসে যা যে কোনো দিনের প্রথম সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রান।
স্টোকস ১৬৩ বলে ছুঁয়েছেন ডাবল সেঞ্চুরি, টেস্ট ইতিহাসে যেটি দ্বিতীয় দ্রুততম দ্বিশতক। ৬ নম্বরে নেমে ইংল্যান্ডের হয়ে প্রথম দ্বিশতকও।
দুইশ’ ছোঁয়ায় দুই নম্বরে থাকলেও আড়াইশ’ রানে পৌঁছানোর সময় স্টোকস ঠিকই গড়েছেন আরেকটি বিশ্ব রেকর্ড। ১৯৬ বলে বলে ছুঁয়েছেন আড়াইশ। এই প্রথম টেস্ট ক্রিকেট দেখল দুইশ বলের নিচে খেলেই আড়াইশ ছোঁয়া। আগের রেকর্ডটি ছিল বিরেন্দর শেবাগের। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫৪ বলে ২৯৩ রানের ইনিংসের পথে ২০৭ বলে আড়াইশ’ ছুঁয়েছিলেন শেবাগ।
ইনিংসে ১১টি ছক্কা মেরেছেন স্টোকস ছাড়া আরও ৩ জন-নাথান অ্যাস্টল, ম্যাথু হেইডেন ও একাই দুবার ব্রেন্ডন ম্যাককালাম।
বিশ্ব রেকর্ড না হলেও দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ঠিকই গড়েছেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে আগের রেকর্ডটি ছিল ওয়ালি হ্যামন্ডের। ১৯৩৩ সালে অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩১৮ মিনিটে ৩৩৬ রানের ইনিংসের পথে তিনি ছক্কা মেরেছিলেন ১০টি।
