২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমির আছে বলে পদত্যাগপত্র দিয়েছিলেন আজহার

অনুশীলন ক্যাম্পে মোহাম্মদ আমির থাকায় পদত্যাগ করতে চেয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলি। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আলোচনার পর অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 06:46 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

নিউ জিল্যান্ড সফরকে সামনে রেখে লাহোরে একটি কন্ডিশনিং ক্যাম্প করছে পাকিস্তান। এই ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৬ জনের একজন হলেন আমির, যিনি স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে কিছু দিন আগে ক্রিকেটে ফিরেছেন। 
 
পিসিবি এক বিবৃতিতে জানায়, আজহার আলি পিসিবি চেয়ারম্যানের (শাহরিয়ার খান) সঙ্গে দেখা করেছেন। আজহার পদত্যাগ পত্র দিয়েছিলেন। কিন্তু চেয়ারম্যান তা গ্রহণ করেননি। আজহার রাজি হয়েছেন এবং তিনি অধিনায়কত্ব চালিয়ে যাবেন।  
 
এর আগে ঘরোয়া ক্রিকেটে খেলা শেষ করে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও যাননি আজহার ও হাফিজ। পরে পিসিবি প্রধানের সঙ্গে দেখা করার পর কোনো শর্ত ছাড়াই ক্যাম্পে যোগ দিতে রাজি হন তারা।  
 
চলমান ক্যাম্পে যোগ না দেওয়া প্রসঙ্গে আজহার সে সময় জানান, আমির যতদিন থাকবে ততদিন তিনি  ক্যাম্পে যাবেন না।
 
আজহার ও হাফিজের সঙ্গে আলোচনার পর শাহরিয়ার বলেছিলেন, “তারা দুজনেই দেখা করেছে এবং অনুশীলন ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। আমি তাদের শঙ্কার বিষয়টিতে সম্মান জানাই; কিন্তু তাদের বলেছি, এর মধ্যে কিছু গ্রহনযোগ্য নয়। তাই তারা বুঝতে পেরেছে এবং নিশ্চিত করেছে যে, তারা আমাদের মতোই ভাবছে।”
 
আমিরের সঙ্গে এক দলে খেলবেন না বলে বিপিএলে চিটাগং ভাইকিংসের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা গত নভেম্বরে পাকিস্তানের একটি পত্রিকাকে বলেছিলেন হাফিজ।

পুরনো খবর:

আমির থাকায় ক্যাম্পে যাননি হাফিজ, আজহার
আমিরকে দলে ফেরানো নিয়ে ভাবছে পাকিস্তান