আমির থাকায় ক্যাম্পে যাননি হাফিজ, আজহার
মোহাম্মদ আমিরকে রাখায় পাকিস্তানের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি দেশটির ওয়ানডে অধিনায়ক আজহার আলি আর অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
নিউ জিল্যান্ড সফরকে সামনে রেখে লাহোরে একটি কন্ডিশনিং ক্যাম্প করছে পাকিস্তান। স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ফাস্ট বোলার আমিরকেও ২৬ জনের দলে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড।
হাফিজ ও আজহার করাচিতে ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন বলে গত সোমবার শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পের প্রথম দিন থাকতে পারেননি। বৃহস্পতিবার তাদের যোগ দেওয়ার কথা ছিল।
পাকিস্তান দলের ম্যানেজার আঘা আকবর বলেন, “মনে হচ্ছে আমিরের কারণে দুজন অনুশীলন শিবিরে যোগ দিচ্ছে না।”
আজহার অবশ্য এটাকেই কারণ বলে জানান।
“আমির যতদিন থাকবে আমি ক্যাম্পে যাব না। এটা আমার সিদ্ধান্ত এবং পিসিবির সঙ্গে আলোচনা করার জন্য রাজি আছি আমরা। হাফিজের সিদ্ধান্তের বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু আমাদের দুজনের অবস্থান একই।”
আমিরের সঙ্গে এক দলে খেলবেন না বলে বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা গত নভেম্বরে পাকিস্তানের একটি পত্রিকাকে বলেছিলেন হাফিজ।
