২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরকে দলে ফেরানো নিয়ে ভাবছে পাকিস্তান

মোহাম্মদ আমিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলা যায়। তরুণ এই ফাস্ট বোলারকে পাকিস্তান দলে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 03:44 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোচ ওয়াকার ইউনিস ও প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে আলোচনার পর আমিরকে দলে নেওয়ার প্রসঙ্গে কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার। 
 
“আমরা মোহাম্মদ আমিরকে নিয়ে ভাবছি। আমাকে সিনিয়র খেলোয়াড় আর আমিরকে ডাকতে হবে। আমিরকে বলতে হবে যে, তার মধ্যে বিনয় থাকতে হবে।”
 
২৩ বছর বয়সী আমিরকে আবার পাকিস্তান দলে ফেরানোটা অবশ্য স্পর্শকাতর বিষয়ই হবে। এরই মধ্যে আমিরের সঙ্গে এক দলে খেলার অনিচ্ছার কথা প্রকাশ্যেই বলেছেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।
 
২০১০ সালের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের একজন ছিলেন আমির। পাঁচ বছরের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর থেকে দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। 
 
এ বছরের জানুয়ারি থেকেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছিলেন আমির। আর সব ধরনের ক্রিকেটে ফেরার অনুমতি গত সেপ্টেম্বর মাস থেকে পান তিনি। 
 
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন আমির। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের চলতি আসরে ৮ ম্যাচে ১৪.৪৫ গড়ে ১১ উইকেট নেন তিনি।
 
শাহরিয়ার বলেন, “মনে হচ্ছে, গত চার-পাঁচ মাস সে ভালো পারফর্ম করেছে। কোচ আর নির্বাচকরা যদি তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমরা বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলব। এর পর সিদ্ধান্ত নেব।”
 
কোচের দিক থেকে আমিরের ফেরা নিয়ে কোনো আপত্তি অবশ্য নেই। ওয়াকার বলেন, “মোহাম্মদ আমিরকে নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা একমত।”