২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটকে উড়িয়ে শীর্ষ দুই নিশ্চিত কুমিল্লার

শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে সিলেট সুপার স্টার্সের প্রয়োজন ছিল বড় জয়। উল্টো তারা হারল বড় ব্যবধানে। সিলেটকে উড়িয়ে দিয়ে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 03:55 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

সিলেটের ব্যর্থতার ব্যাখ্যা আফ্রিদির
সাব্বির-সৌম্য-লিটনকে নিয়ে উদ্বিগ্ন নন মাশরাফি
চোটে নাকাল মাশরাফির কুমিল্লা
প্রাপ্য পারিশ্রমিক পাননি সিলেটের ক্রিকেটাররা!

প্রাথমিক পর্বের শেষ দিনে সিলেটকে ৭১ রানে হারিয়েছে কুমিল্লা। ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তুলেছিল কুমিল্লা। ১৩.৫ ওভারে সিলেট গুটিয়ে যায় ৭৯ রানেই।

সিলেটের পরাজয়ে শেষ ম্যাচে মাঠে নামার আগেই শেষ চার নিশ্চিত হয়ে গেল ঢাকা ডায়নামাইটসেরও।

১০ ম্যাচে সমান ১৪ পয়েন্ট হলেও রংপুরের (+০.৬৯৩) চেয়ে রান রেটে এগিয়ে কুমিল্লা (+০.৭৮৮)। সেরা দুইয়ে থাকাও তাই নিশ্চিত মাশরাফিদের। প্রাথমিক পর্বের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলে রংপুরকে টপকে শীর্ষ দুইয়ে থাকতে পারে বরিশাল (+০.০৫৪)।

নিজেদের রান রেট ঢাকার সমান করতে হলে ১০.৪ ওভারে ১৫১ রান করতে হতো সিলেটকে। কিন্তু ১০ ওভারের মধ্যে উল্টো ম্যাচ থেকেই ছিটকে যায় তারা।

জুনায়েদ সিদ্দিককে (১০) ফিরিয়ে সিলেটের উদ্বোধনী জুটি ভাঙেন শুভাগত হোম। রান আউট হন রবি বোপারা (১)। টুর্নামেন্টে নিজের প্রথম ওভারে নাঈম ইসলাম জুনিয়র ফেরান জশুয়া কবকে (২১)।

এরপর এক ওভারেই মুশফিকুর রহিম (২) ও সোহেল তানভিরকে (১) ফেরান শুভাগত। আসার জাইদি নিজের প্রথম ওভারে শহীদ আফ্রিদি (৬) ও নুরুল হাসানকে (২) ফিরিয়ে সিলেটের জয়ের আশাই শেষ করে দেন। ১০ ওভারে সিলেটের রান ৭ উইকেটে ৫২।

শেষ পর্যন্ত গুটিয়ে যায় তারা ৭৯ রানে। কব ও জুনায়েদ ছাড়া দু অঙ্ক ছুঁয়েছেন আর কেবল মুমিনুল হক (১৫*)। ৩ উইকেট নিয়েছেন কুমিল্লার শুভাগত, দুটি করে জাইদি ও আন্দ্রে রাসেল।

সিলেটের লক্ষ্যটা হতে পারত আরও বড়। আরও বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ১৫০ রানে আটকে যায় কুমিল্লা।

ইনিংসের শুরুতেই কুমিল্লা হারিয়েছিল লিটন দাসকে। মোহাম্মদ শহীদকে দারুণ এক পুল শটে চার মেরে পরের বলেই আউট লিটন (৪)। তবে ইমরুল কায়েস ও আহমেদ শেহজাদের জুটিতে দারুণ গতিতেই এগোতে থাকে কুমিল্লা। চোখধাঁধানো কিছু শট খেলেছেন দুজনই। ১০ ওভারে কুমিল্লা তোলে ১ উইকেটে ৭৫।

তবে শেহজাদের আউটের পর কিছুটা গতি হারায় দলের ইনিংস। ৩১ বলে ৪২ করে শেহজাদ এলবিডব্লিউ হয়েছেন রুবেলের লো ফুলটসে। কিছুটা থমকে যাওয়া ইমরুল ফিরতি ক্যাচ দেন শহীদ আফ্রিদিকে (২৮ বলে ২৭)।

অলক কাপালি ও জাইদির জুটি টিকে গেলেও সময়মত চার-ছক্কার মেলা বসাতে পারেনি। ঠিকমত টাইমিং করতে না পেরে বেশ কবার নিজের ওপর রাগতে দেখা গেছে জাইদিকে। শেষ পর্যন্ত ২৯ বলে ৩১ করে রান আউট হয়েছেন শেষ ওভারে। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়তে ৪৯ বল খেলে ফেলেন দুজন।

শেষ ওভারে ছক্কা মেরে তবু নিজের আর দলের রান একটু বাড়িয়েছেন অলক। শেষ পর্যন্ত অপরাজিত তিনি ২৬ বলে ৩২ রান করে।

ব্যাটিং সহায়ক উইকেটে ১৫০ রানকে খুব নিরাপদ মনে হয়নি তখন। তবে দিনের আলো পড়ে যাওয়ার পর মন্থর হয়ে যায় উইকেট। আত্মঘাতী সব শটে সিলেটের ব্যাটসম্যানরা বিদায়ের মিছিয়ে সামিল হন তারও আগে থেকেই।

টুর্নামেন্টের শেষটাও হতাশায় শেষ হলো সিলেটের।