চোটে নাকাল মাশরাফির কুমিল্লা
গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোটে নাকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একের পর এক ক্রিকেটার চোটে পড়ায় ম্যাচের একাদশ গঠন করাই কঠিন হয়ে পড়েছে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোট নিয়েই খেলছেন ম্যাচের পর ম্যাচ। তার সঙ্গীদের অবস্থাও সঙ্গীন। চোটের কারণে বৃহস্পতিবার খেলতে পারেননি শোয়েব মালিক।
সিলেটকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে সংবাদ সম্মেলনে অসহায় হাসিতে দলের চোটের খবরাখবর জানালেন মাশরাফি।
“আমাদের দলের ইনজুরির অবস্থা খুব কঠিন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পাঁচ-ছয় জন ক্রিকেটার ইনজুরিতে। কুলাসেকারার কাঁধের চোট সারেনি, তবু খেলালাম। অলককে কোনো রকমে নামিয়ে দিয়েছি। রাব্বিও (কামরুল ইসলাম) পুরোপুরি ফিট নয়। মালিকও আঙুলের ইনজুরিতে। আমি বোলিং করতে পারছি না। ফিজিওর ওপর খুব চাপ যাচ্ছে ক্রিকেটারদের ফিট করতে।”
ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবারই কোয়ালিফায়ারে খেলতে নামবে কুমিল্লা। সেই ম্যাচে নিজের বোলিং করা নিয়ে এখনও সংশয়ে মাশরাফি।
“সত্যি বলতে, এখনও বোলিং করতে গেলে ঝুঁকি থেকে যাবে। বাংলাদেশের খেলা হলে আমি বোলিং করে ফেলতাম। আমি কাউকে ছোট করছি না কারণ ফ্র্যাঞ্চাইজিরাও আমাকে পারিশ্রমিক দিয়ে খেলায়। এটা আমার কাছে অনেক বড়। উনাদের সঙ্গে আলোচনা করেছি। শতভাগ না হয়ে আমি বোলিং করতে চাচ্ছি না। আমার ক্যারিয়ারে অনেকবার এরকম হয়েছে, ছোট ছোট কিছু অনেক বড় হয়ে যায়। এজন্য একটু বাড়তি সতর্কতায় আছি।”
