সাব্বির-সৌম্য-লিটনকে নিয়ে উদ্বিগ্ন নন মাশরাফি
টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ বিপিএলে অনুজ্জ্বল জাতীয় দলের সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাসরা। তাই টুর্নামেন্টের ফাঁকেই জাতীয় দলের সতীর্থদের সঙ্গে কথা বলতে হচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
জাতীয় দলের অধিনায়ক হওয়ায় অন্য দলে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর নজর রাখতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফিকে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সকে হারিয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করে কুমিল্লা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের একটা বড় অংশ জুড়ে মাশরাফিকে কথা বলতে হয়েছে জাতীয় দলের সতীর্থদের অনুজ্জ্বল পারফরম্যান্স নিয়ে।
“আমি অনেকের সঙ্গে কথা বলেছি। রংপুরের সঙ্গে খেলা ছিল তখন সৌম্যর সঙ্গে কথা বলেছি। ইমরুল (কায়েস), লিটন তো আমার দলেই আছে।”
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন কোচ চন্দিকা হাথুরুসিংহে। এক ম্যাচে শিষ্যদের ব্যাটিং দেখার পর কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলে ইমরুল, লিটন, শুভাগত হোম চৌধুরীকে নিয়ে কিছুটা কাজও করেন তিনি।
মাশরাফি মনে করেন, ভালো করতে পারলে বিপিএল থেকে সবাই আত্মবিশ্বাস নিতে পারতেন। সেটি না হলেও জাতীয় দলের পরিবেশে ফিরলে সব ঠিক হয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক।
“পারফরম্যান্স উঠা-নামা করে। তবে তারা মানসিকভাবে ফ্রি আছে। আমিও তাদের নিয়ে একেবারেই উদ্বিগ্ন না। কারণ, একটা ইনিংস প্রয়োজন হয় ব্যাটসম্যানকে ফিরিয়ে নিয়ে আসতে।”
মাশরাফি মনে করেন, উইকেট খুব একটা ভালো না হওয়ায় জাতীয় দলের কয়েকজন ব্যাটসম্যানের এখন সমস্যা হতে পারে। এশিয়া কাপ বা টি-টোয়েন্টির ভালো উইকেটে তাদের ততটা সংগ্রাম করতে হবে না।
