প্রাপ্য পারিশ্রমিক পাননি সিলেটের ক্রিকেটাররা!
সিলেট সুপার স্টার্সের ক্রিকেটাররা প্রাপ্য পারিশ্রমিক এখনও পাননি বলে জানিয়েছেন দলের অধিনায়ক শহিদ আফ্রিদি।
প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭১ রানে হেরেছে সিলেট। ১০ ম্যাচে মাত্র ৩ জয়ে টুর্নামেন্ট শেষ করল তারা তলানি থেকে দুই নম্বরে।
সিলেটের ক্রিকেটাররা ঠিকমত পারিশ্রমিক পায়নি বলে একটা গুঞ্জন ছিল। শেষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটা নিশ্চিত করলেন অধিনায়ক আফ্রিদি।
“এই মুহূর্তে…দলের কয়েকজন ক্রিকেটার বলেছে যে, তাদের পারিশ্রমিক এখনও দেওয়া হয়নি। এবার তো ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়েছে। দেখা যাক!”
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের মতে, টাকা-পয়সা নিয়ে ঝামেলাগুলো মেটাতে পারলে বিপিএলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
“আমি বিসিবিকে কৃতিত্ব দেব, ভালো একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। আর্থিক ব্যাপারে সমস্যাগুলির সমাধান করতে পারলে বিশ্বের সব জায়গা থেকেই ক্রিকেটাররা এখানে আসবে খেলতে।”
বিপিএলের গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই পারিশ্রামিকের ৫০ ভাগ পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের। টুর্নামেন্ট চলার সময় পাওয়ার কথা আরও ২৫ ভাগ। বাকি ২৫ ভাগ টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে।
অতীতের অভিজ্ঞতার কারণে অবশ্য এবার ক্রিকেটারদের পারিশ্রামিক বাবদ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিয়ে রেখেছে বিসিবি।
