২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের আত্মবিশ্বাসে খুশি কোচ

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মানসিকতা ও আত্মবিশ্বাসে খুশি বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 07:27 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

পুরনো খবর:

ফিটনেস প্রমাণ করতে হবে মাশরাফিকে
সৌম্য, লিটনে কোচের আস্থা
পেস বোলিং নিয়ে হাথুরুসিংহের দুর্ভাবনা
ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা করবে না বাংলাদেশ

সহ-অধিনায়ক সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে এবারের সিরিজে দাপুটে জয়ের জন্য সতীর্থদের তাগিদ দেন। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনের আগে হাথুরুসিংহে জানান, বাংলাদেশের খেলার ধরনটাই এখন এমন।

“এটা একজন খেলোয়াড়ের জন্য খুব ভালো মানসিকতা। এটাই হচ্ছে আত্মবিশ্বাস।”

পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ তিন সিরিজে বাংলাদেশ যেভাবে খেলেছে শিষ্যদের কাছ থেকে এবারও তেমনটাই দেখতে চান প্রধান কোচ।

“শেষ তিন সিরিজে আমরা প্রতিটি দলের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছি। আমরা ওদের ৭/৮ উইকেটে বা ৮০ রানে হারিয়েছি। আমি মনে করি, আমরা এভাবেই খেলি। আমরা যদি নিজেদের গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোনো দলকে বড় ব্যবধানে হারাতে পারি।”

বাংলাদেশ নিজেদের শেষ তিন সিরিজে হারিয়েছে ক্রিকেটের তিন পরাশক্তি ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। অন্য দিকে, জিম্বাবুয়ে শেষ সিরিজে হেরেছে সহযোগী দেশ আফগানিস্তানের কাছে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এ সব নিয়ে আত্মপ্রসাদের কোনো সুযোগ দেখছেন না হাথুরুসিংহে।

“আত্মপ্রসাদ খোঁজার কোনো সুযোগ নেই। দলের কারোর ভেতরে ব্যাপারটি নেই। ওরা জাতীয় দলের হয়ে খেলছে। কেউ কোনো কিছুকে নিশ্চিত বলে ধরে নিচ্ছে না। জায়গার জন্য ওদের মধ্যে প্রবল প্রতিযোগিতা রয়েছে। যে ব্যাপারগুলোকে হালকাভাবে নেবে তার জন্য খুব বিপজ্জনক পরিস্থিতি হবে।”

গত বছর অক্টোবরে জিম্বাবুয়ে এসেছিল বাংলাদেশ সফরে। সেই সময় খুব একটা ভালো অবস্থায় ছিল না স্বাগতিকরা। একের পর এক হারের মধ্যে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় সেবার ৫ ওয়ানডে আর তিন টেস্টের সবকটি জিতে। তারপর থেকে কেবল এগিয়ে চলেছে বাংলাদেশ।

সেই সিরিজ আর এবারের সিরিজে শিষ্যদের মানিসকতা পার্থক্যটা বড় করে প্রধান কোচের চোখে পড়েছে।

“এখন ওরা নিজেদের সামর্থ্যে বিশ্বাস করতে শুরু করেছে এবং নিজেদের প্রমাণ করছে। আমাদের পারফরম্যান্সেও এটা পার্থক্য গড়ে দিয়েছে।”