পেস বোলিং নিয়ে হাথুরুসিংহের দুর্ভাবনা
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের পেস আক্রমণ নিয়ে দুর্ভাবনায় পড়েছেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।
চোটের জন্য দলে নেই দেশের সবচেয়ে দ্রুত গতির দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। তাদের অনুপস্থিতিই চিন্তায় ফেলেছে হাথুরুসিংহেকে।
“আমাদের পেস বোলিং নিয়ে আমার কিছুটা দুর্ভাবনা রয়েছে। কারণ, রুবেল ও তাসকিন চোটের জন্য খেলছে না। এটা আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বিকে ১৪ জনের দলে আসার সুযোগ করে দিয়েছে।”
ডেঙ্গু থেকে সেরে উঠা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনও শতভাগ ফিট নন। তার ব্যাপারে বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচ শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। সেই ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন পেসার মাশরাফি।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, জিম্বাবুয়েকে চেপে ধরার সামর্থ্য পেস ও স্পিন দুই বিভাগেরই রয়েছে।
জাতীয় দলে এবারই প্রথম এসেছেন কামরুল। তার আগে বাংলাদেশ পেয়েছিল আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে। এসেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন এই বাঁহাতি পেসার। কামরুলের সামর্থ্যে আস্থা থাকলেও তার কাছ থেকে ততটা প্রত্যাশা না করতেই বলেছেন হাথুরুসিংহে।
“যখনই আমরা কাউকে আনবো সব সময় সে মুস্তাফিজের মতো একজন হবে- এমন প্রত্যাশা থাকাটা ঠিক হবে না। মুস্তাফিজ অনন্য একজন। আমি রাব্বির (কামরুল) ওপর কোনো চাপ তৈরি করতে চাই না। সে তার সামর্থ্যের জন্যই দলে এসেছে। সে ঘরোয়া ক্রিকেটে ভালো করে দলে এসেছে। যদি সে খেলে তাহলে একই কাজ এখানেও সে করতে পারবে।”
