২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্য, লিটনে কোচের আস্থা

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফর খুব একটা ভালো কাটেনি সৌম্য সরকার ও লিটন দাসের। তবে এই দুই তরুণ পাশেই পাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 06:56 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

গত সেপ্টেম্বরে ‘এ’ দলের হয়ে ভারত সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলেন সৌম্য। সফরে সাত ইনিংসে ব্যাট করে একবারও অর্ধশতক পাননি এই মারকুটে ব্যাটসম্যান।

ভারতে দুবার শূন্য রানে আউট হওয়া সৌম্য দক্ষিণ আফ্রিকা সফরেও খুব একটা ভালো করতে পারেননি। দক্ষিণ আফ্রিকায় পাঁচ ইনিংসে একবারও ৩০ এর ঘর পার হতে পারেননি তিনি।

ভারত সফরে দুটি অর্ধশতক পান তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন। সাত ইনিংসের ছয়টিতেই তিনি ফিরেন উইকেটে থিতু হয়ে। দক্ষিণ আফ্রিকা সফরটি ভালো কাটেনি তার। দুই বার ত্রিশের ঘরে গিয়ে আউট হন আর তিন বার দুই অঙ্কেই যেতে পারেননি তিনি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে সৌম্য ও লিটনের ওপর তার আস্থা থাকার কথা জানান। দ্বিতীয় সেরা দলের পারফরম্যান্সের সঙ্গে জাতীয় দলের পারফরম্যান্স মেলাতে রাজি নন তিনি।

“(সৌম্য, লিটনকে নিয়ে ) আমার কোনো দুর্ভাবনা নেই। ওরা দুই জনই বিশ্বমানের খেলোয়াড়। দেশের মাটিতে ওদের পারফরম্যান্স খুবই ভালো। ওদের আবার তেমন করতে না পারার কোনো কারণ নেই।”

প্রধান কোচ মেনে নিয়েছেন আপাতত খারাপ সময় কাটছে তার দুই শিষ্যের, “যে কোনো ধরনের ক্রিকেটে সব খেলোয়াড়েরই একটা খারাপ সময় যায়। আমরা ওদের ভিন্ন ভিন্ন কন্ডিশনে যত বেশি সম্ভব ম্যাচ খেলার সুযোগ দিতে চেয়েছি। এ কারণেই ওদের ‘এ’ দলের হয়ে সফরে পাঠানো হয়েছিল। ওরা দারুণ সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়।”

হাথুরুসিংহের বিশ্বাস, জাতীয় দলে চেনা চেহারাতেই দেখা যাবে সৌম্য, লিটনকে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে আছেন সৌম্য ও লিটন। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।