ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা করবে না বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলবে বাংলাদেশ।
জিম্বাবুয়ের এই সফর দিয়ে চলতি বছর শেষ হবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট।
চলতি বছর মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান নাসির হোসেন ও সাব্বির রহমানদের খুব একটা ব্যাটিংয়ের সুযোগ মেলেনি। বছরের শেষটায় এসে তাদের ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলানোর সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করলে ধারাবাহিকতা ধরে রাখার কথা জানান হাথুরুসিংহে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে প্রধান কোচ জানান, কোনো আন্তর্জাতিক সিরিজকে তারা হালকাভাবে নেন না।
“আমরা যদি এগুলো (ব্যাটিং অর্ডারের পরীক্ষা) করতে চাই তাহলে আমাদের অনুশীলন ম্যাচ বা ‘এ’ দলের ম্যাচের মতো ক্ষেত্রগুলো বেছে নিতে হবে। আমরা পুরোপুরি আমাদের শক্তি-সামর্থ্য অনুযায়ী খেলবো। আমরা ওদের খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।”
নিজেদের শেষ ছয়টি ওয়ানডের চারটিতে সহযোগী দেশগুলোর কাছে হেরেছে জিম্বাবুয়ে। গত বছর সর্বশেষ বাংলাদেশ সফরে ৫-০ ব্যবধানে ওয়ানডে ও ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে দলটি।
