২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অনুপ্রেরণা 'ফতুল্লা ২০০৬'

২০০৬ সালের ফতুল্লা টেস্ট এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অনুপ্রেরণা। অধিনায়ক মুশফিকুর রহিম বলছেন, সেবার জয়ের এত কাছাকাছি যেতে পারলে এবার জয় কেন নয়!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 07:03 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

অস্ট্রেলিয়া বধের ছক খোলাসা করতে চান না মুশফিক
'অস্ট্রেলিয়াকে হারানোর সবচেয়ে বড় সুযোগ'
ম্যাক্সওয়েলকে নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া শেষবার যখন বাংলাদেশে এসেছিল, বিশ্ব ক্রিকেটে তখনও তাদের রাজত্ব চলছিল। ২০০৬ সালের সেই ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ছিলেন ম্যাথু হেইডেন, মাইক হাসি, রিকি পন্টিং, ডেমিয়েন মার্টিন, মাইকেল ক্লার্ক, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ব্রেট লি, জ্যাসন গিলেস্পি, স্টুয়ার্ট ক্লার্ক ও স্টুয়ার্ট ম্যাকগিল।
 
বাংলাদেশ তখন টেস্ট আঙিনায় পায়ের নিচে শক্ত জমি পেতেই হাপিত্যেশ করছিল। কিন্তু পন্টিংয়ের সেই অস্ট্রেলিয়া দলকেও প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ।
 
শেষ ইনিংসে অসাধারণ এক অপরাজিত শতক করে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে জিতিয়েছিলেন পন্টিং। ৯৭ রানে ফাইন লেগে মাশরাফি বিন মুর্তজা পন্টিংয়ের দুরূহ ক্যাচটি হাতে জমাতে পারলে হয়ত জিতেই যেত বাংলাদেশ। 
সেই 'প্রায়' জয় থেকে এবার 'প্রায়' শব্দটি উধাও করে দিতে চান মুশফিক। সোমবার শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বললেন, অস্ট্রেলিয়াকে হারানোর সবচেয়ে বড় সুযোগ এবারই।
 
মুশফিকের এই বিশ্বাসের ভিত্তি ২০০৬ সালের ফতুল্লা টেস্ট।
 

"জয় কেন সম্ভব নয়? আবেগ থেকে বলছি না, আবেগের কিছু নেই। ২০০৬ সালে ওদের যে দল ছিল, সেটা তো ওদের সর্বকালের সেরা দলের একটা। আমাদের জন্য তখন জয়ের চিন্তাও ছিল অনেক দূর। অনেকে ভেবেছিল চারদিনও খেলতে পারব না আমরা। সেই দলের বিপক্ষে এত কাছে গিয়ে হারলে এই দলকে হারাতে পারব না কেন?" অধিনায়ককে অনুপ্রেরণা জোগাচ্ছে সাম্প্রতিক সময়ের বাংলাদেশও। "আমরা যে ক্রিকেটটা খেলছি, আমাদের শক্তি অনুযায়ী ৫ দিন খেলতে পারলে জয় অসম্ভব কিছু না। টেস্টে হয়ত এখনও ওয়ানডের মত নই আমরা, তারপরও আমাদের ক্রিকেট এমন জায়গায় এসেছে যে একটু বেশি আশা করতেই পারি।"