অস্ট্রেলিয়া বধের ছক খোলাসা করতে চান না মুশফিক
অস্ট্রেলিয়াকে হারানোর ছক এখনই খোলাসা করতে চান না মুশফিকুর রহিম। তবে পাঁচ দিনই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
উপমহাদেশের উইকেটে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ভুগেছে অনেকবারই। এমনকি স্টিভ ওয়াহ, রিকি পন্টিংয়ের 'সর্বজয়ী' অস্ট্রেলিয়া দলও টার্নিং উইকেটে ভালো মানের স্পিনের বিপক্ষে খাবি খেয়েছে।
কদিন আগে বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহে ইঙ্গিত দেন, অস্ট্রেলিয়া সিরিজে টার্নিং উইকেট চান তিনি।
সোমবার শের-ই-বাংলায় মুশফিকুর রহিমও উইকেট নিয়ে একই প্রশ্নের মুখে পড়লেন। সংবাদমাধ্যমকে অধিনায়ক উত্তরটা দিলেন কৌশলে।
"পরিকল্পনা একটা তো আছেই। কিন্তু আমি সেটা খোলাসা করতে চাই না। তবে পরিকল্পনা অবশ্যই আছে।"
ইঙ্গিতটা টার্নিং উইকেটের প্রতি বলেই কিনা, পরের কথায় আবার ধোঁয়াশা রেখে দিলেন মুশফিক।
"টার্নিং উইকেট করলে ওদের স্পিনারদের সামলাতে হবে, সেটা মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা চেষ্টা করব এমন উইকেট রাখতে, যেটায় রানও চারশ করতে পারব, আবার ওদের ২০ উইকেটও নিতে পারব।"
"উইকেট থেকে সহায়তা নিয়ে যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে এতদিনে আরও অনেক ওপরে থাকতাম। মোদ্দাকথা হচ্ছে আমাদের ভালো খেলতে হবে; ধারাবাহিকভাবে ভালো করতে হবে।"
অস্ট্রেলিয়ার মতো আক্রমণাত্মক দলকে ভড়কে দিতে হয় প্রতিআক্রমণেই। মুশফিকের ভাবনায়ও আছে ইতিবাচক ক্রিকেট,
"সময়ই বলে দেবে আক্রমণাত্মক ক্রিকেট খেলব কিনা। ভালো খেলার জন্য ও পাঁচটা দিন টপে থাকার জন্য যা যা করা দরকার, করব।"
২ টেস্টের সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে অস্ট্রেলিয়া দল।
