বেশি দূর তাকাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের সামনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য দেওয়া নিয়ে তৃতীয় দিনে ভাবেনি দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন সকালের সেশনটা আগে নিরাপদে কাটাতে চায় তারা।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। দিনশেষে সেই ব্যবধানটাকে ১৭-তে নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা, হাতে আছে সবকটি উইকেট।
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়া অফ স্পিনার সাইমন হার্মার জানালেন, সুনির্দিষ্ট কোনো স্কোরে চোখ নেই দক্ষিণ আফ্রিকার। বরং আগে নিরাপদ হতে চান নিজেরা।
“উইকেট এখন বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। লক্ষ্য নিয়ে আমরা তাই খুব বেশি দূর তাকাচ্ছি না। এখনও এই ম্যাচে অনেক ক্রিকেট বাকি আছে। আমাদের মনোযোগ থাকবে আগামীকাল (শুক্রবার) প্রথম সেশনে। ডিন ও স্টিয়ান আজ উইকেট না হারিয়ে দারুণ কাজ করেছে; প্রথম সেশনের বেশি আপাতত ভাবছি না।”
