২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লক্ষ্য ছিল আরেকটু বড়’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে লিড নেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান ছিল লিটন দাসের। অর্ধশতক করে ফিরে যাওয়া এই উইকেটকিপার-ব্যাটসম্যান জানিয়েছেন, আরও বড় লক্ষ্য ছিল তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

লিটনের অর্ধশতকের সুবাদে পরে ব্যাট করে প্রথমবারের মতো অতিথিদের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। তার দৃঢ়তায় অতিথিদের বিপক্ষে তিনশ’ রানের সংগ্রহও প্রথমবারের মতো গড়ে স্বাগতিকরা। তবে ২০ বছর বয়সী এই তরুণ নিজের ইনিংস নিয়ে সন্তুষ্ট নন, বরং ইনিংস বড় করতে না পারার আক্ষেপ তার কণ্ঠে।

“মানুষ আউট হয় কোনো না কোনো ভুল থাকে বলেই। হয়তো আমার সিদ্ধান্ত নেওয়ায় ভুল ছিল।”

লিড নেওয়ার কিছুক্ষণ পর ৮২ রানের জুটি ভেঙে ফিরে যান সাকিব। ২৭৭ রানে তার বিদায়ের পর দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব চাপে লিটনের কাঁধে। ক্যারিয়ারের প্রথম টেস্ট অর্ধশতক করে তাতে মোটামুটি সফল তিনি, তবে তার চোখে ছিল আরও দূরের স্বপ্ন।

“আমার লক্ষ্য আরেকটু বড় ছিল। ঐ সময়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে কেবল আমিই ছিলাম। এরপর যারা ছিল, সবাই লোয়ার অর্ডারের ব্যাটসম্যান। যতটুকু খেলেছি, খুব ভালো একটা ইনিংস ছিল আমার। লক্ষ্য ছিল, বোলারদের নিয়ে যত সম্ভব বল খেলা।”

টেস্টে নিজের দ্বিতীয় ইনিংসেই অর্ধশতক পেয়ে খুশি লিটন। যতক্ষণ ক্রিজে ছিলেন, দলের জন্যই খেলার চেষ্টা করেছেন বলে জানান তিনি। এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান মনে করেন, ৫০ রানও দলের জন্য সহায়ক।

টানা দুই টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তার জায়গায় উইকেটরক্ষক হিসেবে খেলছেন তরুণ লিটন দাস। কিপিংয়ে ভালো করছেন এই তরুণ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে গ্লাভসবন্দি করেন তিনটি ক্যাচ।

ব্যাটিং-কিপিংয়ে ভালো করে দলে জায়গা পাকা করার প্রসঙ্গ উঠতেই লিটন বলেন, “আমি মনে করি, এভাবে চিন্তা করে ক্রিকেট হয় না। আমি যখন কিপিং করি, আমার কাজ হচ্ছে কিপিং করা। যখন ব্যাটিংয়ে নামি, ব্যাটিং করা। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি।”

লিটনের ১০২ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি চারে। ৪০তম বলে গিয়ে প্রথম চার হাঁকান তিনি, ততক্ষণে ক্রিজে কেটে গেছে তার ৫৪ মিনিট। খুব সতর্ক থেকে দলকে এগিয়ে নিতে থাকেন তিনি।

নিজের শট খুব বেশি খেলেননি লিটন। একটি বলও পুল করেননি, তার জন্য ফাঁদ পেতে একটার পর একটা শর্ট বল দিয়ে গেছেন মর্নে মরকেলরা, কিন্তু প্রলোভন এড়িয়ে গেছেন।

“উইকেট একটু মন্থর ছিল, এখানে শট খেলা সহজ ছিল না।”

ফ্লিক, অন ড্রাইভ করেই বেশি রান পেয়েছেন লিটন। ম্যাচ শেষে এই সাবধানী ব্যাটিংয়ের ব্যাখ্যাও দিলেন সাত নম্বরে নামা লিটন,

“উইকেট শট খেলার জন্য ছিল না। তাই সতর্ক হয়ে খেলতে হয়েছে। ক্রিকেটে একেকটা দিন একেক রকম থাকে। আজকে দিনটা হয়তো আমার কাছে এমন ছিল, আর পরিস্থিতিরও এমনই চাহিদা ছিল।”

পুরনো খবর:

সাকিবের সঙ্গে জুটি গড়ে সফল লিটন
তৃতীয় দিন শেষে সমানে-সমান বাংলাদেশ-দ. আফ্রিকা
তামিমকে ধাক্কা মেরে ডি ককের জরিমানা