২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের সঙ্গে জুটি গড়ে সফল লিটন

সাকিব আল হাসানের সঙ্গে দারুণ এক জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন লিটন দাস। ম্যাচ শেষে এই তরুণ ব্যাটসম্যান জানান, ৮২ রানের সেই জুটিতে তারা মাঠে পরস্পরকে সাহায্য করেছিলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃহস্পতিবার তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিমের বিদায়ে ষষ্ঠ ওভারেই ক্রিজে আসেন লিটন। তখনও ৫৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। সে সময় উইকেট ধরে রাখার সঙ্গে দলকে এগিয়ে নেওয়ার কাজটাও দারুণভাবে করেন লিটন-সাকিব।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন বলেন,

“আমাদের লক্ষ্য ছিল আগে লিড নিশ্চিত করা। এরপর যত দূর যাওয়া যায়। আমরা সেভাবেই পরিকল্পনা করে খেলছিলাম।”

৫ উইকেটে ১৯৫ রান থেকে দলকে ৫ উইকেটে ২৭৭ রানে পৌঁছে দেন সাকিব-লিটন। ৮১তম ওভারে নেওয়া দ্বিতীয় নতুন বলের প্রথম ঝাপটা সামলাতে হয় এই দুই জনকেই। সে সময় ৩৭ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

অতিথিদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এগিয়ে যেতে থাকেন দুজনে। কিন্তু চার হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছাতে গিয়ে সাকিব উইকেট বিলিয়ে দিয়ে এলে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা এই  জুটি।

টেস্টে মাত্র দ্বিতীয় ইনিংস খেলা লিটনের জন্য কাজটা সহজ ছিল না। কিন্তু অন্য প্রান্তে সাকিবের দৃঢ়তাভরা ব্যাটিংয়ে তার জন্য কাজটা সহজ হয়ে যায়। প্রান্ত বদল করে খেলে নিজেদের চাপ মুক্ত রাখেন তারা। ২০ বছর বয়সী লিটন জানান, এই সময়ে তারা নিজেদের মধ্যে কথা বলে খেলছিলেন।

“একজন ব্যাটসম্যান যখন মাঠে নামে, তখন পার্টনারই হয় সবচেয়ে কাছের বন্ধু। সে-ই তখন সবচেয়ে বেশি সহায়তা করে। মাঠের মাঝখানে আমাদের এমন সহায়তা চলছিল।”

পুরনো খবর:

তামিমকে ধাক্কা মেরে ডি ককের জরিমানা 
তৃতীয় দিন শেষে সমানে-সমান বাংলাদেশ-দ. আফ্রিকা