২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুইশর ভেতরে লক্ষ্য চায় বাংলাদেশ

চট্টগ্রামের উইকেটে রান পাওয়া কঠিন হচ্ছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। এমন উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে তাড়া করার জন্য লক্ষ্য দেড়শ’ থেকে দুইশ’ রানের ভেতর রাখতে চায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 07:23 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। অতিথিরা এখনও পিছিয়ে আছে ১৭ রানে।

শুক্রবার যত তাড়াতাড়ি সম্ভব অতিথিদের অলআউট করতে চায় বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন দাস বলেন, “আমরা যত কমে পারি তাদের আটকে রাখত চাইব। যত কম রান হবে, আমাদের জন্য তত সহায়ক হবে।”

টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম দিন ২৪৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ৩২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।

তৃতীয় দিন সকালে নেমে ৫০ রানের ভালো একটি ইনিংস খেলা লিটন উইকেটে রান করা অনেক কঠিন জানিয়ে বলেন, “লক্ষ্য যদি ১৫০/২০০ রানে রাখতে পারি আমাদের জন্য ভালো হবে। উইকেটে সহায়তা আছে, আমাদের বোলারদের জন্য আমার পরামর্শ হবে উইকেট-টু-উইকেট বল করার।”

লক্ষ্য দুইশ’ রানের ভেতর রাখতে হলে পৌনে তিনশ’ রানের ভেতরে দক্ষিণ আফ্রিকাকে অল আউট করতে হবে। লিটনের বিশ্বাস, বোলাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী বল করতে পারলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

“আমাদের বোলিং খুব ভালো করতে হবে। যদি আমরা গোছানো বল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য সম্ভব হবে। আমরা এখনও কিছু রানে এগিয়ে আছি। এটা আমাদের জন্য বাড়তি সুবিধা হবে।”