২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্যের ছোঁয়ায় হার্মারের সাকিব-শিকার

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে সাইমন হার্মারের বাজে এক ডেলিভারিতে ক্যাচ দিয়ে অর্ধশতক তুলে নেওয়ার আগে ফিরেছেন সাকিব আল হাসান। তাকে ফেরানো বোলার হার্মার পরে জানিয়েছেন এ সময় ভাগ্যটাকে পাশে পেয়েছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

নিজের ইনিংসজুড়ে বেশিরভাগ সময়ই সাকিব খেলেছেন দারুণ। এমনিতে স্টোকপ্রিয় হলেও মন্থর উইকেট বুঝে বৃহস্পতিবার আপোস করেছিলেন নিজের সহজাত প্রবণতার সঙ্গে। যথেষ্ট আঁটসাঁট ব্যাটিং করছিলেন। তবে তার ১৫০ মিনিটের লড়াই শেষ হয়েছে দৃষ্টিকটুভাবে। হার্মারের লং হপ বলে সাকিব ক্যাচ দিয়েছেন মিড উইকেটে।

সাকিবের মনসংযোগে চিড় ধরাতে না পেরে দুই অফ স্পিনার জেপি দুমিনি ও হার্মার মাঝেমধ্যেই শর্ট পিচ করছিলেন। দুমিনি ও হার্মারের এমন দুটি বলে পুল করে চারও মেরেছেন সাকিব। আরেকবার হার্মারকে পুল করতে গিয়ে বল তুলে দিয়েছিলেন আকাশে। তবে মিড অন ও মিড উইকেটের মাঝামাঝি পড়ে বল। দুই বল পর আবারও শর্ট পিচ, আবারও পুল এবং আবারও টাইমিংয়ে গড়বড়। এবার আর শেষ রক্ষা হয়নি সাকিবের। ৪৭ রান করে ধরা পড়েছেন দুমিনির হাতে।

দিনশেষে সংবাদ সম্মেলনে হার্মার বললেন, খোলা চোখে যতটা মনে হয়েছে, অতটা বাজে ছিল না বলটি।

“আমি বুঝতে পারছিলাম সাকিব ফিফটি করতে চাইছে। কাউ কর্নারে (মিড অন-মিড উইকেটের মাঝামাঝি সীমানা) কোনো ফিল্ডার ছিল না, ওর দৃষ্টি সেদিকেই ছিল। আরেকটি শর্ট বলের অপেক্ষায় ছিল। বলটি খাটো লেংথে দেখেই ব্যাকফুটে চলে যায়, কিন্তু যতটা ভেবেছিল বল অত শর্ট ছিল না। তাছাড়া একটু স্কিড করে বল দ্রুত চলে যায় ওর ব্যাটে।”

কিছুটা অবদান ছিল ভাগ্যেরও, বললেন হার্মার নিজেই।

“এই ওভারেই আরেকবার আকাশে (সাকিব) বল তুলেছিল। ওর ভাগ্য ভালো ছিল ফিল্ডারের হতে যায়নি। পরেরবার আমার ভাগ্য ছিল ভালো!”