১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুমার ৭ রানে ৫ উইকেট, রুমানার টানা ৫ মেডেন

শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগোল মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে পাত্তাই পেল না আবাহনী লিমিটেড।

সুমার ৭ রানে ৫ উইকেট, রুমানার টানা ৫ মেডেন

৫ ওভার  বোলিং করে কোনো রান দেননি অভিজ্ঞ রুমানা আহমেদ। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 07:40 PM

Updated : 11 Jun 2023, 08:48 PM

সুমা রানির অফ স্টাম্পের বাইরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ টুম্পা চৌধুরি। ব্যাটের কানা ছুঁয়ে বল উইকেটরক্ষকের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। আনন্দের বহিঃপ্রকাশে দুই হাতে মুখ ঢেকে ফেললেন সুমা, পরক্ষণেই চুমু এঁকে দিলেন উইকেটে। এমন উচ্ছ্বাস তো হবেই! চলতি লিগের সেরা বোলিং যে করলেন সিটি ক্লাবের এই অফ স্পিনার!

বিকেএসপির এক নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের ম্যাচে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে স্রেফ ৭ রানে ৫ উইকেট নেন সুমা। তার এমন বোলিংয়ের দিন ৯ উইকেটে জিতেছে সিটি ক্লাব। কেরানিগঞ্জকে স্রেফ ৪১ রানে আটকে রেখে ১০.৫ ওভারেই জিতে যায় তারা।

লিগের সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পেল সিটি ক্লাব। আট ম্যাচে কোনো জয় ছাড়াই শেষ হলো কেরানিগঞ্জের লিগ। পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে তারা। 

৯.১ ওভারের স্পেলে ৪টি মেডেন ওভার করেন সুমা। সালমা খাতুন ও নাহিদা আক্তারের পর চলতি লিগে ৫ উইকেট পেলেন তিনি। তবে আগের দুজনের চেয়ে কম রান খরচ করেন তিনি। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

কেরানিগঞ্জের পক্ষে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল জামিলা আক্তার (১৬ বলে ১১)। 

সুমার ৫ উইকেট ছাড়াও ফাহিমা আক্তার ১১ রানে নেন ৩ উইকেট।

পরে রান তাড়ায় সাবিকুন নাহার ২০ ও ফাতেমা তুজ জোহরা ১৪ রান করে দলকে অনায়াস জয় এনে দেন। 

সংক্ষিপ্ত স্কোর:

কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি: ২৯.১ ওভারে ৪১ (জামিলা ১১, শাহানাজ ৯, সুমাইয়া ১, রচনা ৭, শোভা ৪, মাকতুবা ২, শারমিন ২, মেঘলা ০, কনা ২, ফারিয়া ০*, টুম্পা ০; জান্নাতুল ফেরদৌসি ২-০-১২-০, সুমা ৯.১-৪-৭-৫, রুপা ৫-২-৪-০, জান্নাতুল ফেরদৌস ৫-১-৭-১, ফাহিমা ৮-৪-১১-৩)

সিটি ক্লাব: ১০.৫ ওভারে ৪২/১ ( ফাতেমা ১৪*, তমালিকা ৪, সাবিকুল ২০*; শাহানাজ ৫.৫-১-১৮-০, শারমিন ৩-০-১৪-১, ফারিয়া ২-০-১০-০)

ফল: সিটি ক্লাব ৯ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: সুমা রানি রায়।

বিকেএসপিকে হারিয়ে অলিখিত ফাইনালে মোহামেডান

বিকেএসপির চার নম্বর মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপিকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৮১ রানের লক্ষ্য ২০৬ বল বাকি থাকতেই জিতে নিয়েছে তারা। 

সাত ম্যাচে ছয় জয় ও এক পরিত্যক্ত ম্যাচসহ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। সমান ম্যাচে বিকেএসপির সংগ্রহ ৬ পয়েন্ট।

টেবিলের দুই নম্বরে থাকা রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ঝুলিতে আছে ১২ পয়েন্ট। বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার অঘোষিত ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচের জয়ী দল পাবে শিরোপা।

বিকেএসপিকে অল্পে বেধে রাখার কারিগর আয়েশা রহমান। ১৫ রানে ৩ উইকেট নেন তিনি, জেতেন ম্যাচ সেরার পুরস্কার। 

এছাড়া সুরাইয়া আজমিন ও ইসমত আরা নেন ২টি করে উইকেট। ৫ ওভার বোলিং করে কোনো রান দেননি জাতীয় দলের তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ। 

বিকেএসপির পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন নিশিতা আক্তার। 

রান তাড়ায় ৬ চারে ৩২ রানের ইনিংস খেলেন সানজিদা ইসলাম। এছাড়া জাসিয়া আক্তার ১৮, রুমানা আহমেদ করেন অপরাজিত ১৩ রান। 


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান: 
৩৫.২ ওভারে ৮০ (ছোঁয়া ০, ইভা ০, উন্নতি ৯, সুমাইয়া ৫, সাদিয়া ২১, নিশিতা ২৭, অপর্না ২, ফারজানা ৪, মাইমুনা ০, রাবেয়া ০, প্রীতি ০*; সালমা ৫.২-২-৬-১, সুরাইয়া ৫-০-১২-২, রুমানা ৫-৫-০-০, খাদিজাতুল ৭-১-১৪-১, ইসমত ৪-১-২১-২, আয়েশা ৬-১-১৫-৩, শারমিন ৩-০-১০-১)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৫.২ ওভারে ৮১/৩ (জাসিয়া ১৮, শারমিন ১১, সানজিদা ৩২, রুমানা ১৩*, আয়েশা ০*; ছোঁয়া ১-০-১২-০, নিশিতা ৭.২-২-৩৫-২, প্রীতি ৪-০-২১-০, অপর্না ৩-০-১২-১)

ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: আয়েশা রহমান

আবাহনীকে উড়িয়ে দিল কলাবাগান

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রের সামনে পাত্তা পায়নি আবাহনী লিমিটেড। 

মুমতা হেনা, আফিয়া আসিমাদের দারুণ বোলিংয়ের পর অচেনা জান্নাত, প্রাথ্যুশা কুমারির ব্যাটে ৮ উইকেটে জিতেছে কলাবাগান। ৬৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে ১৮ ওভার লেগেছে তাদের।

সাত ম্যাচে কলাবাগানের চতুর্থ জয় এটি। এর সঙ্গে দুইটি পরিত্যক্ত ম্যাচসহ ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে আবাহনী। 

৯ ওভারে ৫ মেডেনসহ ১১ রানে ৩ উইকেট পেয়েছেন মুমতা হেনা। তিনিই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। আফিয়াও ধরেন ৩ শিকার। 

আবাহনীর পক্ষে দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু ইশমা তাজিম, ৬৪ বলে করেন তিনি ২৯ রান।

রান তাড়ায় অচেনা ও প্রাথ্যুশা দুজনই করেন ২৩ রান করে। জুয়াইরিয়ার ফেরদৌসের ব্যাট থেকে আসে ১৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী লিমিটেড: 
৩৯.৩ ওভারে ৬৮ (শামিমা ৬, আফিয়া ৪, শিভানি ০, ইশমা ২৯, শম্পা ৬, ফেরদৌসি ০, একা ৭, জাহানারা ৭, ফাতেমা আক্তার ৫, ফাতেমা জাহান ০, সাবিকুন ০*; কুলসুমা ৪-১-১২-০, মেহেরুন ৯-৩-৯-২, মুমতা হেনা ৯-৫-১১-৩, আফিয়া ১০-৩-১৯-৩, লাখি ৭.৩-১-১৭-১)

কলাবাগান ক্রীড়া চক্র: ১৮ ওভারে ৬৯/২ (অচেনা ২৩, জুয়াইরিয়া ১৫, প্রাথ্যুশা ২৩*, জিন্নাত ৩*; সাবিকুন ১-০-৬-০, ফাতেমা জাহান ৬-১-২০-১, একা ১-০-৮-০, জাহানারা ৫-০-১৬-১, ইশমা ৩-০-১৪-০, ফেরদৌসি ২-০-৫-০)

ফল: কলাবাগান ক্রীড়া চক্র ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: মুমতা হেনা হাসনাত

বৃষ্টির ৪ উইকেট, সানজিদার ফিফটি

 দারুণ বোলিংয়ে গুলশান ইয়ুথ ক্লাবকে অল্পেই আটকে রাখলেন ফাহিমা খাতুন, বৃষ্টি দাসরা। জবাবে ফিফটি করে খেলাঘর সমাজকল্যাণ সংঘকে জয়ের পথে এগিয়ে দিলেন সানজিদা ইসলাম। জান্নাতুল মাওয়া, ফাহিমাদের ব্যাটে অনায়াস জয় পেল খেলাঘর।

 বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘরের জয় ৬ উইকেটে। ১৬০ রানের লক্ষ্য ৫৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা। 

 ১০ ওভারে দুই মেডেনসহ ১৭ রানে ৩ উইকেট পেয়েছেন বৃষ্টি, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া জাতীয় দলের লেগ স্পিনার ফাহিমার শিকার ৪টি। 

 গুলশানকে দেড়শ ছাড়ানো স্কোর এনে দেওয়ার পথে সর্বোচ্চ ৪৩ রান করেন ববিতা মিনা। এছাড়া শারমিন সুলতানা ২৯, তাহিন তাহেরা ২৬, নিপা আক্তার খেলেন ২৩ রানের ইনিংস। 

 রান তাড়ায় ৭ চারে ৭৭ বলে ৫৫ রান করেন সানজিদা। জান্নাতুলের ব্যাট থেকে আসে ৪ চার ও ১ ছয়ে ১ বলে ৪২ রান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৮৫ রান। 

পরে তাজ নেহার ২০ ও ফাহিমা ১৫* রান করে জয় নিশ্চিত করেন।  

সংক্ষিপ্ত স্কোর:

গুলশান ইয়ুথ ক্লাব: 
৪৯.৫ ওভারে ১৫৯ (নিপা ২৩, শারমিন ২৯, লেকি ০, ববিতা ৪৩, তাহিন ২৬, রিমি ৭, শিরিন ০, রিয়া ১৩, রুকাইয়া ৪, ঝুমুর ০, ফুয়ারা ১*; পূজা ৭-০-২৯-১, ববি ১০-৩-২৮-১, নুসরাত ৭-০-২৬-১, বৃষ্টি ১০-২-১৭-৩, ফাহিমা ৯.৫-০-২৮-৪, তাজ ৬-০-৩১-০)

খেলাঘর সমাজকল্যাণ সংঘ: ৪০.২ ওভারে ১৬২/৪ (অর্বিন ১১, সানজিদা ৫৫, জান্নাতুল ৪২, তাজ ২০, ফাহিমা ১৫*, আতিকা ২*; ববিতা ৪-০-২৭-০, ফুয়ারা ৬-৩-১৩-০, ঝুমুর ৯-১-৩৩-১, শিরিন ৭.২-১-৩০-২, রুকাইয়া ৫-০-১৬-০, শারমিন ১-০-১৩-০, তাহিন ৬-০-১৬-১, লেকি ২-০-১৪-০)

ফল: খেলাঘর সমাজকল্যাণ সংঘ ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: বৃষ্টি দাস