রোহিতের উদযাপন ‘নিজের জন্য’, শোনেননি জাদেজার লাফানোর পরামর্শ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৬ রান তাড়া করে জয়ের পথে সেঞ্চুরি করে একটু অদ্ভুতভাবে উদযাপন করেন ভারতের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
কি বলা যায় এটিকে? হিপহপ জগিং? হাঁটু উঁচু করে দৌড়? জাম্পিং রানিং? রোহিত শার্মার উদযাপনটির কোনো নাম খুঁজে পেলেন না ধারাভাষ্যকাররা। দর্শকদের জন্যও এটি বর্ণনা করা কঠিন। রোহিত নিজে খোলাসা করলেন না উদযাপনের নাম বা কারণ। রহস্য লুকিয়ে রাখতে চান নিজের মধ্যেই। রাভিন্দ্রা জাদেজার কাছ থেকে অবশ্য অন্যরকম উদযাপনের পরামর্শ তিনি পেয়েছিলেন, তবে কানে তোলেননি তা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বুধবার সেঞ্চুরির পর ওই উদযাপন করেন রোহিত। তিন অঙ্ক ছোঁয়া রানটি নেওয়ার সময় কিছুটা লাফিয়ে আর হাঁটু উঁচিয়ে জগিংয়ের মতো করে এগিয়ে যান। ১০ চার ও ৬ ছক্কায় ৭৫ বলে ১০১ রানের ইনিংস খেলে আউট হন অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়ানডেতে তার ৩৫তম সেঞ্চুরি এটি।
আগের সেঞ্চুরিটি করেছিলেন স্রেফ এক ম্যাচ আগেই। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১১০ বলে ১৩৮। তার পরও ভারতীয় ক্রিকেটে তাকে নিয়ে আলোচনা চলছেই। আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি না, তাকে দলে রাখা ঠিক হবে কি না, এসব প্রশ্ন ভারতীয় ক্রিকেটে নিয়মিতই উচ্চাররিত হচ্ছে। সেটি মূলত তার বয়স ৩৯ বছর পেরিয়ে গেছে বলেই।
সেঞ্চুরির উদযাপনে সেসবের কোনো জবাব আছে কি না, কৌতূহল ছিল অনেকেরই। ম্যাচের পর টিভি সাক্ষাৎকারে সঞ্চালক সবার আগে জিজ্ঞেস করলেন সেই উদযাপনের কারণ। রোহিতর ত্বরিত উত্তর, “উদযাপনটা নিজের জন্যই রাখব...।”
সঞ্চালক এবার হেসে বললেন, “কাম অন... কাম অন...।” রোহিত তবু মনের দুয়ার খুললেন না।
“এটা আমার জন্য, আমার জন্যই...।
কিছু জিনিস শুধু নিজের কাছেই রাখার জন্য। সেগুলো ভাগ করে নেওয়ার জন্য নয়। তাই হ্যাঁ, ওটা আমার জন্যই ছিল।”
ম্যাচের পর জাদেজার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছিল রোহিতকে। সেটি নিয়ে জিজ্ঞেস করতেই হাসতে হাসতে শোনালেন সেই গল্প।
“সে (জাদেজা) আমাকে জিজ্ঞেস করছিল (উদযাপনের) ব্যাপারটা কী। আমি বললাম, ড্রেসিংরুমে গিয়ে বলব। এটা স্রেফ আমার জন্য।
সে উদ্ভাবনী নানা কিছু বলেছিল আমাকে। সে চেয়েছিল, আমি যে ছুটে গিয়ে স্লাইড করি, লাফ দিই এবং সেভাবেই যেন উদযাপন করি। আমি বললাম, ‘৫০ ওভার ফিল্ডিং করার পর আর প্রায় ২৫-৩০ ওভার ব্যাটিং করার পর এসব….!’ আমি কোনোভাবেই ওটা করতাম না।”
এই ইনিংসটির পথে ওয়ানডেতে ১২ হাজার রানও পেরিয়ে যান রোহিত। তার পরও তিনি এ দিন ছিলেন পার্শ্বনায়ক। ভারতের অধিনায়ক শুবমান গিল ছিলেন মূল নায়ক। রেকর্ডময় ইনিংসে ১৩৩ বলে ২২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রোহিতের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েন ২৫৫ রানের!
দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪০৫ রান টপকে ভারত ৮ উইকেটে জিতে যায় ৩৯ বল বাকি রেখেই।
রোহিত বললেন, ব্যাটিং স্বর্গ উইকেটে তারা স্রেফ জুটি বড় করার চেষ্টা চালিয়ে গেছেন।
“উইকেট ভালো ছিল। আমরা শুধু ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছিলাম। সত্যি বলতে, স্কোরবোর্ড নিয়ে খুব বেশি ভাবছিলাম না আমরা। শুধু বল বুঝে খেলার চেষ্টা করছিলাম এবং জুটি টেনে নিচ্ছিলাম। বড় লক্ষ্য তাড়া করতে হলে জুটি বড় করেই যেতে হবে এবং আমরা সেটাই করেছিলাম।
গিল দুর্দান্ত খেলেছে, ইনিংসজুড়েই ব্যাটিংয়ের ওপর দারুণ নিয়ন্ত্রণ ছিল ওর এবং শেষ পর্যন্ত ওকে অপরাজিত থাকতে দেখাটাও অসাধারণ ছিল।”
