Published : 25 Dec 2025, 09:30 PM
বিপিএলের একদম প্রথম আসরেই অভিষেক সৈকত আলি। কিন্তু এখনও পর্যন্ত ১১ আসরে ম্যাচ খেলতে পেরেছেন তিনি মোটে ২৫টি। কখনোই তিনি ভালো কিছু করতে পারেননি। প্রায় ১৩ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন মোটে ৬৪টি। পারফরম্যান্স খুবই জীর্ণ। এই সংস্করণে নেতৃত্বের অভিজ্ঞতাও নেই। সেই সৈকত আলিকে এবারের বিপিএলে অধিনায়কের দায়িত্ব দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
জাকের আলিকে অধিনায়ক করা হবে কি না, এমন একটি প্রশ্নে সপ্তাহ দুয়েক আগে চরম বিতর্কিত ও অসম্মানজনক মন্তব্য করেছিলেন এই দলের কর্ণধারদের একজন। শেষ পর্যন্ত জাকেরকে অধিনায়ক করা হয়নি। সৌম্য সরকার, হাসান মাহমুদ, নাজমুল ইসলাম অপু, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাব্বির হোসেনদের ছাপিয়ে দায়িত্বটি পেয়েছেন সৈকত।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনও কোনো ম্যাচে টস করেননি সৈকত। ৬৪ ম্যাচ খেলে তার ফিফটি কেবল চারটি, ১ হাজার ১৭ রান করেছেন ১৮.৪৯ গড় ও ১১৮.৩৯ স্ট্রাইক রেটে। স্লো মিডিয়াম পেসে উইকেট নিয়েছেন ৬টি।
টুর্নামেন্ট শুরুর আগের দিন অনুশীলন শেষে নোয়াখালী দলের পক্ষ থেকে জানানো হয় সৈকতকে অধিনায়ক করার কথা। কেন তাকে দেওয়া হলো এই দায়িত্ব, সেটি হয়তো বোঝা যাবে সামনে।
এ দিনই রংপুর রাইডার্স জানিয়েছেন তাদের অধিনায়কের নাম। এমনিতে এই দলকে ২০২৩ বিপিএল থেকেই নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। ৪৯টি ম্যাচে রংপুরের হয়ে টস করে ফেলেছেন তিনি। তবে এবার লিটন কুমার দাসকেও দলে নেওয়ায় একটা কৌতূহলের জায়গা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে নয়, নিজেদের নিয়মিত অধিনায়কের ওপরই ভরসা রাখছে রংপুর।
মেহেদী হাসান মিরাজের দায়িত্ব পাওয়া নিয়ে অবশ্য খুব একটা সংশয়ের জায়গা ছিল না। সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে নেওয়ার পরই অনুমিত ছিল, সিলেট টাইটান্সের দলপতি করা হবে তাকে। টুর্নামেন্ট শুরুর আগের দিন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় তা।
এখনও পর্যন্ত ৩৩ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার, এর ৩২টিই বিপিএলে, বাকিটি ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে খেলাঘরকে।
বেশ কৌতূহল ছিল রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নিয়ে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত, ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক আকবর আলি খেলছেন এই দলে। নেতৃত্বের বিবেচনায় ছিলেন হয়তো তিনজনই। তবে রাজশাহী শেষ পর্যন্ত বেছে নিয়েছে শান্তকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর রেকর্ড খুব ভালো নয়। ২৪টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেখানে দলের পরিসংখ্যান খুব ভালো নয়, তার নিজের ব্যাটিং পারফরম্যান্স যাচ্ছেতাই। তবু তার ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের হয়ে অন্যান্য সংস্করণে অবশ্য নিজের নেতৃত্বগুণ ভালোই মেলে ধরেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তার মূল চ্যালেঞ্জ এই সংস্করণে ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দেওয়া।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪০টি ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন। তবে বিপিএলে তার নেতৃত্বের অভিষেক হবে এবারই।
ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে নিয়েও টানাপোড়েন অনেকটা একইরকম। তার ব্যাটিং ঘিরেই যত প্রশ্ন। গত বিপিএলে অনেক মাঝারি মানের দল নিয়ে ও মাঠের বাইরে অনেক বিতর্কের জন্ম দিয়েও তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল চিটাগং কিংস। কিন্তু ব্যাট হাতে ১৪ ইনিংসে ফিফটি করতে পেরেছিলেন মোটে একটি।
টি-টোয়েন্টিতে ৪১ ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন এখনও পর্যন্ত, এর মধ্যে ২২টি বিপিএলে।
এখনও পর্যন্ত কেবল চট্টগ্রাম রয়্যালস আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি। যদিও শুক্রবার উদ্বোধনী দিনেই খেলা আছে তাদের। তবে তারা এখনও অধিনায়কের নাম জানানোয় বিস্ময়েরও তেমন কিছু নেই। টুর্নামেন্ট শুরুর আগের দিন দলটির মালিকপক্ষ সরে গেছে, দলের দায়িত্ব নিয়েছে বিসিবি। প্রথম ম্যাচে মাঠে নামানোর মতো অন্তত দুজন বিদেশি ক্রিকেটার এখনও নেই তাদের। দলে নেতৃত্বের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারও নেই তেমন কেউ।