৯৬ রান তাড়ায় জিততে না পারলেও স্কিলের ঘাটতি দেখছেন না নাহিদা
নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারছেন না ব্যাটাররা, বলছেন এই বাঁহাতি স্পিনার।
লক্ষ্য মাত্র ৯৬ রানের। শেষ ৮ বলে ৫ উইকেট হাতে রেখে দরকার ১০ রান। এমন ম্যাচও জিততে না পারায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ব্যাটারদের স্কিল নিয়ে। নাহিদা আক্তার অবশ্য এখানে কোনো ঘাটতি দেখছেন না। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে না পারার আক্ষেপ ঝরল অভিজ্ঞ এই স্পিনারের কণ্ঠে।
মিরপুরে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে ভারত নারী দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করতে পারে কেবল ৯৫ রান। এই সংস্করণে প্রথমবার ভারতকে একশর নিচে আটকে রাখতে পারে বাংলাদেশ।
অভিজ্ঞতা আর শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে অনেক। তবে এই রান তাড়া করে জেতা বাংলাদেশের জন্য অসম্ভব নয় মোটেও। কিন্তু অধিনায়ক নিগার সুলতানার ৫৫ বলে ৩৮ ছাড়া দুই অঙ্কে যেতে পারেননি আর কেউ! শেষ বলে অল আউট হয় তারা ৮৭ রানে। শেষ ৫ উইকেট হারায় স্রেফ ১ রানের মধ্যে।
পঞ্চাশের বেশি টি-টোয়েন্টি খেলা ওপেনার শামিমা সুলতানা ব্যর্থ আরেকবার। সোবহানা মোস্তারির ‘কনকাশন সাব’ হিসেবে নেমে ৪ রান করতে মুর্শিদা খাতুন খেলেন ১৫ রান। অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি কিংবা অনভিজ্ঞ স্বর্ণা আক্তারও প্রত্যাশা পূরণ করতে পারেননি। বেশিরভাগ ব্যাটার আউট হন আলগা শট খেলে।
এই ম্যাচ জিততে না পারায় সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল তাই ব্যাটারদের স্কিল নিয়ে। নাহিদা অবশ্য সমস্যা দেখছেন অন্য জায়গায়।
“আমাদের স্কিলে ঘাটতি আছে বলে মনে হয় না। আমরা যথেষ্ট অনুশীলন করছি। কোচ আমাদের নিয়ে যথেষ্ট কাজ করছেন। আমার মনে হয় আমাদের অভিজ্ঞতাটা আরেকটু কাজে লাগানো উচিত, আমাদের সিনিয়র ব্যাটার যারা আছে, শীর্ষ পাঁচে ব্যাট করছে... আমার মনে হয় এই জায়গায় আমাদের একটু ঘাটতি আছে।”
“ব্যাটারদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। কেন এমন হচ্ছে, ওদের চিন্তা করতে হবে। আমার কাছে মনে হয় পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে।”
বাংলাদেশের কোচ-অধিনায়ক অনেক সময়ই বলেছেন, ১৪০ রানের মধ্যে যেকোনো লক্ষ্য তাড়া করে জেতার সামর্থ্য তাদের আছে। ভারতকে ৯৫ রানে আটকে রাখার পর ড্রেসিংরুমে কোচ-অধিনায়কের কী বার্তা ছিল দলের প্রতি?
“তখন কোচ আমাদের একটা কথাই বলেছেন, আমাদের ১৪০ লক্ষ্য হলে (যেমন খেলতাম) সেই একই ফ্লোতে এগোব, ফ্লো আমরা স্লো করব না।”
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিয়েছে ভারত। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আগামী বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা।
