২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ধারাবাহিক ব্যাটিং নৈপুণ্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতি শেফালির

এশিয়ান গেমসে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পর, ফাইনালেও আলো ছড়ান এই ব্যাটার।

ধারাবাহিক ব্যাটিং নৈপুণ্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতি শেফালির

শেফালি ভার্মা। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 06:24 PM

Updated : 22 Sep 2026, 06:24 PM

টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন শেফালি ভার্মা। চতুর্থ স্থানে উঠেছেন ভারতীয় ওপেনার।

মেয়েদের ক্রিকেটের সবশেষ র‌্যাঙ্কিং মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি।

এশিয়া কাপের সেমি-ফাইনালে ৬৪ ও ফাইনালে ৬৮ রানের ইনিংস খেলার পর, এশিয়ান গেমসেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন শেফালি। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে শেষ আটে অপরাজিত ৪০ করার পর, সেমি-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৪৯ বলে ১০০ রান করেন তিনি।

সাদা বলে এটাই তার প্রথম তিন অঙ্কের ইনিংস। সেই সঙ্গে এশিয়ান গেমসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

আর মঙ্গলবারের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৭ রানে জয়ের পথে ৪৮ রান করেন শেফালি। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের সোনা জিতল ভারতের মেয়েরা।

তার উন্নতিতে এক ধাপ করে নিচে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও ভারতের স্মৃতি মান্ধানা।

এই সংস্করণের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন নিগার সুলতানা, ২০তম।

আর ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয় স্থানে নেই কোনো পরিবর্তন। শীর্ষে আছেন ভারতের স্পিনার শ্রী চারানি। দুইয়ে তারই সতীর্থ স্পিনার দিপ্তি শার্মা।

এই তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে মারুফা আক্তার। যদিও দুই ধাপ নেমে এখন ১৭ নম্বরে আছেন তিনি।

আর অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখান সবার ওপরে রাবেয়া খান, তবে এক ধাপ নেমে এখন যৌথভাবে ৩৪তম তিনি।