ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ফিরল পর্তুগাল
আর্জেন্টিনা আছে দুইয়ে, এক ধাপ পিছিয়েছে ব্রাজিল, এক ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে বাংলাদেশ।
পর্তুগালের ফুটবলে এখন তোলপাড় চলছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। তবে বিতর্কের ঝড়ের মধ্যে মাঠের ফুটবলে তারা ছুটছে দারুণ গতিতে। নতুন কোচ জর্জে জেজুসের কোচিংয়ে নেশন্স লিগে চার ম্যাচের চারটি জিতে তারা যেমন নিশ্চিত করেছে কোয়ার্টার-ফাইনাল, তেমনি তাদের উন্নতি হয়েছে ফিফা র্যাঙ্কিংয়েও।
সবশেষ প্রকাশিত (বুধবার) র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে পর্তুগাল। ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন যথারীতি ধরে রেখেছে শীর্ষস্থান, আগের মতোই দুইয়ে আছে আর্জেন্টিনা।
তিন ও চার নম্বর পজিশনেও কোনো পরিবর্তন হয়নি। ফ্রান্স ও ইংল্যান্ড আছে আগের অবস্থানেই। পর্তুগালকে জায়গা দিয়ে পাঁচ থেকে ছয়ে নেমে গেছে ব্রাজিল, ছয় থেকে সাতে মরক্কো।
আট থেকে দশে আগের মতোই আছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো। দুই ধাপ এগিয়ে সুইজারল্যান্ড উঠেছে ১২ নম্বরে, এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে জার্মানি।
আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচের সবকটিতে জিতলেও আগের ১৬তম স্থানেই আছে যুক্তরাষ্ট্র।
এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ১৭ নম্বরে থাকা জাপান।
র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রুয়ান্ডার। গত ২৫ সেপ্টেম্বর লাইবেরিয়াকে হারানোর চারদিন পর তারা হারিয়ে দেয় বিশ্বকাপের চমক কেইপ ভার্ডকে। ৯ ধাপ এগিয়ে দলটি উঠেছে ১১৯ নম্বরে।
আসিয়ান কাপের ব্যর্থতায় এক ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে নেমেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সেরা দল ভারত আগের মতো আছে ১৩৮ নম্বরে।
