১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাবর-শাহিন-হাসানদের ধরে রাখল পিএসএল দল

পিএসএল নিলামের আগে মোহাম্মদ রিজওয়ানকে ছেড়ে দিল মুলতান সুলতান্স।

বাবর-শাহিন-হাসানদের ধরে রাখল পিএসএল দল
বাবর আজম। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 08:56 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগে প্ল‍্যাটিনাম ক‍্যাটাগরি থেকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, আবরার আহমেদ, হাসান আলিকে ধরে রেখেছে তাদের দল। তবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ছেড়ে দিয়েছে তার দল মুলতান সুলতান্স।

মুলতানই একমাত্র দল যারা কোনো খেলোয়াড়কেই ধরে রাখেনি।

পেশাওয়ার জালমি, লাহোর কালান্দার্স, কোয়েটা গ্ল‍্যাডিয়েটর্স ও করাচি কিংস চারজন করে খেলোয়াড়কে ধরে রেখেছে। ইসলামাবাদ ইউনাইটেড ধরে রেখেছে তিনজন খেলোয়াড়কে। 

নতুন দুই দল শিয়ালকোট স্ট‍্যালিয়ন্স ও হায়দারাবাদ আগামী শনিবারের মধ‍্যে ধরে রাখা খেলোয়াড়ের নাম জানাতে পারবে। আগামী ১১ ফেব্রুয়ারি নিজেদের ইতিহাসে প্রথমবার নিলাম করবে পিএসএল। 

আফ্রিদি ছাড়াও আব্দুল্লাহ শাফিক, সিকান্দার রাজা ও মোহাম্মাদ নাঈমকে ধরে রেখেছে লাহোর।

কোয়েটার প্রথম দুই পছন্দ স্পিনার আবরার ও উসমান তারিক। তারা হাসান নাওয়াজ ও শামিল হুসাইনকেও ধরে রেখেছে।

বাবরের পাশাপাশি পেশাওয়ার ধরে রেখেছে সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ ও আলি রাজাকে। ইসলামাবাদের ধরে রাখা তিন খেলোয়াড় হলেন শাদাব, সালমান ইরশাদ ও আন্দ্রিয়েস হাউস।

করাচি কিংস অভিজ্ঞ পেসার হাসানের সঙ্গে ধরে রেখেছে আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ ও সাদ বেগকে।

ধরে রাখা ও নিলামের মাধ‍্যমে কেনা- দুই ধরনের ক্রিকেটারদের সঙ্গে ফ্র‍্যাঞ্চাইজিগুলোর চুক্তি হবে দুই বছরের। প্রতিটি দলের ১৬ থেকে ২০ জন খেলোয়াড় নিতে হবে, এর মধ‍্যে পাঁচ থেকে সাত জন হবে বিদেশি এবং সঙ্গে থাকতে হবে এখনও পিএসএলে না খেলা একজন অনূর্ধ্ব-২৩ বছর বয়সী ক্রিকেটার। 

নিলামের বাইরে থেকে একজন খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই নতুন নিয়ম কাজে লাগিয়ে স্টিভেন স্মিথকে দলে নিয়েছে শিয়ালকোট। প্রতিটি দলের নিলামের সীমা থাকবে ৪৫ কোটি রূপি, যা বাড়ানো যাবে ৫০ কোটি ৫০ লাখ রূপি পর্যন্ত।