২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় নিজেকে চেনানোর তৃপ্তি নিয়ে ফিরলেন হৃদয়

কলম্বো আর পাল্লেকেলের গ্যালারিতে ‘হৃদয়, হৃদয়’ চিৎকার উঠেছে, হৃদয়ের কাছে ডেভিড মিলার জানতে চেয়েছেন ব্যাটিংয়ের নানা কিছু নিয়ে।

শ্রীলঙ্কায় নিজেকে চেনানোর তৃপ্তি নিয়ে ফিরলেন হৃদয়

বিদেশের লিগে প্রথম খেলতে গিয়েই বাজিমাত করেছেন তাওহিদ হৃদয়। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 10:15 PM

Updated : 09 Aug 2023, 10:33 PM

জাফনা কিংসের ফেইসবুক পাতায় বুধবার দুপুরে একটি ছবি পোস্ট করা হয়েছে। কালো একটি ঝকমকে গাড়ীর দরজা খুলে দাঁড়িয়ে আছেন একজন। তাওহিদ হৃদয় সেই গাড়ীতে উঠতে যাচ্ছেন। বিদায় জানানোর প্রতীকী সেই গ্রাফিক্স ছবির সঙ্গে লেখা হয়েছে, “তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, তাকে আমাদের চলে যেতে দিতে হচ্ছে। তরুণ এই তারকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই…!” 

আনুষ্ঠানিকতা রক্ষার পোস্টেও আন্তরিকতার ছাপ স্পষ্ট। এতেই ফুটে ওঠে, জাফনা কিংসের কতটা আপন হয়ে উঠেছেন বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যান। তবে শুধু নিজের ফ্র্যাঞ্চাইজিই নয়, হৃদয় জায়গা করে নিয়েছেন লঙ্কান ক্রিকেট অনুসারীদের হৃদয়েও। নইলে কী আর গ্যালারিতে তার নামে রব ওঠে! 

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে ব্যাট হাতে ঝড় তুলতে পারার সন্তুষ্টি তো হৃদয়ের আছেই। তবে তার কাছে বড় প্রাপ্তি, শ্রীলঙ্কায় নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে পারা। ৬ ম্যাচের এলপিএল অভিযান শেষে বুধবার দেশে ফিরে সেই গল্প শোনালেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। 

এই প্রথম তিনি দেশের বাইরের লিগে খেলতে গেলেন। বাজিমাত করে ফিরলেন প্রথম সুযোগেই। ৬ ম্যাচে ৩৮.৭৫ গড়ে তার রান ১৫৫, স্ট্রাইক রেট ১৩৫.৯৬। তবে রান সংখ্যার চেয়েও নজর কেড়েছেন তিনি রান করার ধরনে। প্রথম ম্যাচেই ৩৯ বলে ৫৪ রানের ইনিংস দিয়ে শুরু। এরপর ভয়ডরহীন ব্যাটিং করেছেন, দাবি মিটিয়েছেন টি-টোয়েন্টির। অতি আগ্রাসী হতে গিয়ে এক ম্যাচে প্রথম বলেই আউট হয়েছেন। তার পরও তার পারফরম্যান্স বেশ সমৃদ্ধ। 

ফেরার পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বললেন, দেশের বাইরে প্রথমবার খেলতে গেলেও নিজস্ব পরিকল্পনায় থেকেই তিনি সফল হয়েছেন। 

Image

এলপিএলে দারুণ সব শট খেলে নজর কেড়েছেন হৃদয়।

“আমার পরিকল্পনা ছিল, নিজের প্রক্রিয়ায় থাকা এবং সেই প্রক্রিয়ায় থাকারই চেষ্টা করেছি সবসময়। চাওয়া ছিল যে সুযোগ এলে তা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। আগেও বলেছি, আমি সবসময় নিজের পরিকল্পনায় থাকি এবং চেষ্টা করি, প্রতিটি বল ধরে খেলার জন্য।” 

“নতুন একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। অনেক উপভোগ করেছি এবং ওখান থেকে অনেক কিছু শিখেছি। যতটুকু পেরেছি, চেষ্টা করেছি ওখান থেকে নেওয়ার জন্য এবং আশা করি ভালো কিছুই হবে।” 

প্রেমাদাসা আর পাল্লেকেলের ২২ গজে আলো ছড়িয়ে লঙ্কানদের মনে জায়গা করে নেওয়ার কথাও তিনি বললেন লাজুক কণ্ঠে। 

“যখন ফিল্ডিংয়ের সময় বাউন্ডারিতে যাই বা সাইডে যাই, সবসময় আমাকে… মানে ওরা আমাকে চিনেছে আর কী, এটাই আমার কাছে পাওয়া। সবসময় ডাকে ‘হৃদয়, হৃদয়’ বলে।” 

এলপিএলের একটি ম্যাচ বাড়তি রোমাঞ্চ বয়ে এনেছিল বাংলাদেশের ক্রিকেটেও। গত শুক্রবার পাল্লেকেলেতে সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল হৃদয়ের জাফনা কিংস ও সাকিব আল হাসানের গল টাইটান্স। ২২ গজে দুজনের মুখোমুখি লড়াইও হয়। তাতে দেশের কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে বিপুল ব্যবধানে জিতে যান হৃদয়। 

রান তাড়ায় তৃতীয় ওভারে সাকিব উইকেট নেওয়ার পর ক্রিজে যান হৃদয়। প্রথম বলে নেন সিঙ্গেল। ওই ওভারে আর দেখা হয়নি দুজনের। সাকিবের পরের ওভারে চোখধাঁধানো এক শটে ছক্কা মারেন হৃদয়। ক্রিজ ছেড়ে বেরিয়ে অফ স্টাম্পের বাইরের বলে অনেকটা ঝাড়ু দেওয়ার মতো করে লং অনের ওপর দিয়ে উড়িয়ে দেন তিনি। পরের বলে মারেন চার। 

২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে সেদিন অপরাজিত থাকেন হৃদয়। ম্যাচ শেষ করেন তিনি ধনাঞ্জয়া ডি সিলভার টানা দুই বলে ছক্কা মেরে। উইকেটে তার সঙ্গী বিশ্ব ক্রিকেটের সেরা ফিনিশারদের একজন ডেভিড মিলার মুগ্ধ হয়ে পিঠ চাপড়ে দেন তার। 

সাকিবের বলে তার প্রথম ছক্কাটি দেখে মিলারসহ দলের সবাই চমকে গিয়েছিলেন বলে জানালেন হৃদয়। 

“মিলার আমাকে বারবার ‘অ্যাপ্রিশিয়েট’ করছিলেন। সাকিব ভাইকে যে ছক্কাটি মেরেছি, শুধু মিলার নয়, গোটা দল বলছিল, ‘এটা কী শট!’ ওরাও জানতে চাচ্ছিল। মিলার বলছিলেন যে, ‘শট অব দা ডে।’ পরে ব্যাটিং শেষে মিলার আমার সঙ্গে অনেকক্ষণ কথাও বলেছেন ব্যাটিং নিয়ে, জিজ্ঞেস করছিলেন যে ‘কীভাবে কী করো…।’ এগুলো নিয়ে কথা হয়েছে নরম্যালি।” 

Image

লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকেই দুর্দান্ত ইনিংস খেলেন হৃদয়।

সেদিনের দুর্দান্ত ইনিংসে সাকিবের কাছ থেকেও প্রশংসা আদায় করে নেন হৃদয়। 

“সাকিব ভাই খেলা শেষে বলেছেন যে, ‘ভালো ব্যাটিং হয়েছে।’ আমি যখন ব্যাটিং করছিলাম, পাওয়ার প্লেতে করছিলাম ব্যাটিং। পরিস্থিতির চাহিদা ছিল যে রানের দরকার। আমিও চেষ্টা করেছি, ‘বল টু বল’ কীভাবে রান বের করা যায়। সাকিব ভাই আছেন বা আরও বড় কেউ আছেন, এটা কখনও মাথায় কাজ করে না। সবসময় নিজের শক্তির জায়গায় থাকার চেষ্টা করি এবং সবসময় চাই যে আমি যে জায়গায় স্বচ্ছন্দ, সেভাবে খেলতে।” 

মিলারের সঙ্গে আলাদা করে কথা বলার ইচ্ছা ছিল হৃদয়ের। যদিও অস্বস্তি বোধ করছিলেন কিছুটা। তার সেই সাধ পূরণ করে দেন মিলার নিজেই। 

“অবশ্যই ভালো লেগেছে (মিলারের সঙ্গে কথা বলে)। লেজেন্ড ক্রিকেটার…মিলার যখন আসছেন ওখানে, আমি নিজে থেকেও চাচ্ছিলাম যে মিলারের সঙ্গে একটু কথা বলি। সাহসটা পাচ্ছিলাম না। পরে দেখলাম, ও নিজেই কথা বলছে আমার সঙ্গে। পরে সবসময় চেষ্টা করেছি ওর সঙ্গে কথা বলার এবং ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি।” 

ছয় ম্যাচের চারটি হৃদয় খেলেছেন ক্যান্ডির পাল্লেকেলেতে, দুটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এশিয়া কাপের ম্যাচে আগামী ৩১ অগাস্ট শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের খেলা পাল্লেকেলেতেই। গ্রুপ পর্ব উতরাতে পারলে খেলা থাকবে প্রেমাদাসায়ও। হৃদয়ের আশা, এলপিএলের অভিজ্ঞতা তার কাজে লাগবে এশিয়া কাপে। 

“হয়তো আসতে পারে (কাজে)… নির্দিষ্ট দিনটিতে কেমন করব, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার পরও ওখানে গিয়েছি, খেলেছি, ওখানকার মাঠ ও উইকেট সম্পর্কে একটু ধারণা হয়েছে। আশা করি এটা একটু হলেও সহায়তা করবে আমার জন্য ও দলের জন্য।” 

জাফনা কিংস হৃদয়কে দলে নিয়েছিল শোয়েব মালিকের বদলি হিসেবে। মালিক ফেরার পরও দুটি ম্যাচে খেলেন হৃদয়। আসর ছেড়ে যখন ফিরলেন, তখন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান তার। যেমন ছন্দে ছিলেন, আরও কিছু দারুণ ইনিংস তার ব্যাট থেকে আসতেই পারত। তবে হৃদয়ের হৃদয়ে আক্ষেপ নেই তা নিয়ে। 

“না না, আমার কখনও এসব জিনিস নিয়ে আফসোস কাজ করে না। যেটাই হয়েছে, ভালো হয়েছে।  আমি তো পুরো টুর্নামেন্টের জন্য যাইনি। ওরা মাঝখানে বলেছিল থাকার জন্য, কিন্তু থাকা হয়নি। আমি মনে করি, যেটা হয়েছে, ভালো হয়েছে।” 

গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের সতীর্থ থিসারা পেরেরা ছিলেন জাফনা কিংসে হৃদয়ের অধিনায়ক। এই দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশ দলে। পরিচিত মুখ ছিল আরও। বিদেশের লিগে প্রথম অভিযান থেকে সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতার তৃপ্তি নিয়েই দেশে ফিরেছেন হৃদয়। 

“আমার কাছে ওখানে মনে হয়েছে যে, সবসময় ভালো মুহূর্ত ছিল। ওখানে যাওয়ার পর প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা আমাকে খুব ভালোভাবে ট্রিট করেছে। ওরা সবসময় আমাকে… আমি বাইরে থেকে গিয়েছি, এটা বুঝতে দেয়নি। থিসারা ছিলেন, ওখানকার কোচ যারা ছিলেন, মারিও (ভিল্লাভারায়ন) ছিলেন, আমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে খেলেছেন, এমন কয়েকজন ছিল। আমার মনে হয়নি যে আমি একা বা এরকম কোনো অনুভূতি হয়নি। সবসময় ওরা আমার পাশে থেকেছে এবং আমিও সবসময় চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার।”