২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে উড়িয়ে ফের ইমার্জিং কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত 'এ' দলকে ১২৮ রানে হারাল পাকিস্তান 'এ' দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 10:27 PM

Updated : 23 Jul 2023, 10:27 PM

উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করলেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। শক্ত ভিত পেয়ে ঝড়ো সেঞ্চুরি হাঁকালেন তৈয়ব তাহির। সাড়ে তিনশ ছাড়িয়ে গেল পাকিস্তান। পরে বল হাতে ভারতকে দাঁড়াতেই দিলেন না সুফিয়ান মুকিম, আরশাদ ইকবালরা। অনায়াস জয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের 'এ' দলকে ১২৮ রানে হারিয়েছে পাকিস্তান 'এ' দল। ৩৫৩ রানের লক্ষ্যে তেমন কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি ভারত, ৬০ বল বাকি থাকতেই তারা গুটিয়ে গেছে ২২৪ রানে। 

টানা দ্বিতীয়বার এসিসি ইমার্জিং কাপের ট্রফি ঘরে তুলল পাকিস্তান। ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আগের আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয় তারা। পাকিস্তানের সমান দুবার শিরোপা জিতেছে শ্রীলঙ্কার। একবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 

শিরোপা নির্ধারণী ম্যাচে স্রেফ ৭১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তাহির। ১২ চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান জাতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।  

টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১০৪ বলে ১২১ রান যোগ করেন সাইম ও ফারহান। দুজনই থামেন ফিফটি ছুঁয়ে।  

৭ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৫৯ রান করেন সাইম। ফারহান খেলেন ৪টি করে চার-ছক্কায় ৬২ বলে ৬৫ রানের ইনিংস। তিনে নামা ওমাইর ইউসুফ করেন ৩৫ বলে ৩৫ রান। 

এরপর দ্রুত আরও দুটি উইকেট পড়ে। তবে দলকে কক্ষপথে রাখেন তাহির, পাল্টা আক্রমণে দলকে তিনশ পার করান তিনি। শেষ দিকে মুবাশির খান ৩৫, মেহরান মুমতাজ ১৩ ও মোহাম্মদ ওয়াসিমের ১৭ রানের সৌজন্যে ৮ উইকেটে ৩৫২ রানে থামে পাকিস্তান। 

রান তাড়ায় ভারতও পায় উড়ন্ত সূচনা। ৫১ বলে ৬৪ রানের জুটি গড়েন দুই ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা। সবশেষ আইপিএলের ফাইনালে ঝড় তোলা সাই ২৮ বলে ২৯ রান করে ফেরার পর আর কোনো বড় জুটি পায়নি ভারত।  

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ফিফটি ছুঁতে পারেন কেবল অভিষেক। ড্রেসিং রুমে ফেরার আগে তিনি খেলেন ৫ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৬১ রানের ইনিংস।  

এছাড়া অধিনায়ক ইয়াশ ঢুলের ৩৯ ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। ফলে ৪০ ওভারেই গুটিয়ে যায় ভারত। 

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুফিয়ান। এছাড়া আরশাদ, মেহরান ও ওয়াসিম ধরেন ২টি করে শিকার। 

প্রত্যাশিতভাবেই ফাইনালের নায়ক তৈয়ব তাহির। আর আসরে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন ভারতের নিশান্ত সিন্ধু।