অশ্বিন-জাদেজার মাইলফলকের দিনে খাওয়াজা-হ্যান্ডসকমের লড়াই
আগের ম্যাচের চেয়ে ব্যাটিংয়ে উন্নতি করলেও অবশ্য ৩০০ পর্যন্ত যেতে পারেনি অস্ট্রেলিয়া।
সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে হাল ধরলেন উসমান খাওয়াজা ও পিটার হ্যান্ডসকম। ফিফটি ছাড়িয়ে দুজনই আশা জাগালেন বড় ইনিংসের। শেষ পর্যন্ত অবশ্য পারলেন না কেউ। অস্ট্রেলিয়াও পারল না বড় সংগ্রহ গড়তে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মাইলফলকের দিনে দুর্দান্ত বোলিং করলেন মোহাম্মদ শামিও।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ২৬৩ রান তুলে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ বেলায় কোনো উইকেট না হারিয়ে ২১ রান নিয়ে দিন শেষ করেছে ভারত।
অস্ট্রেলিয়ার ৪৬৬তম ক্রিকেটার হিসেবে ব্যাগি গ্রিন ক্যাপ পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান। ভারতের হয়ে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।
টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীদের শুরুটা খারাপ ছিল না। কিন্তু গড়ে ওঠেনি বড় কোনো জুটি। স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নারদের নিষ্প্রভ দিনে সেঞ্চুরির হাতছানি ছিল খাওয়াজার সামনে। কিন্তু ৮১ রানে ফিরে যান তিনি। আর সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত ৭২ রানে অপরাজিত থাকেন পিটার হ্যান্ডসকম।
বল হাতে ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট পূরণ করেছেন অশ্বিন। জাদেজা নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৫০তম উইকেট।
তবে দিনের সেরা বোলার শামি। নতুন ও পুরনো বলে দুর্দান্ত স্কিলের প্রদর্শনী মেলে ধরে তার শিকার ৪ উইকেট।
তিন দিনের মধ্যে হেরে যাওয়া প্রথম টেস্টের চেয়ে তুলনামূলক ভালো উইকেটে প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন ওয়ার্নার ও খাওয়াজা। উদ্বোধনী জুটিতে আসে ৫০ রান।
১৬তম ওভারে ভারতকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ শামি। রাউন্ড দা উইকেটে করা অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কিপারের হাতে ধরা পড়েন ওয়ার্নার। ৩ চারে ১৫ রান করেন বাঁহাতি ওপেনার।
তিন নম্বরে নামা লাবুশেনের শুরুটাও মন্দ ছিল না। শামির এক ওভারে জোড়া বাউন্ডারি হাঁকান তিনি। তার আগের ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল দুইবার সীমানায় পাঠান খাওয়াজা।
লাঞ্চ বিরতির দুই ওভার আগে জোড়া আঘাত হানেন অশ্বিন। দারুণ অফ ব্রেকে লাবুশেনকে এলবিডব্লিউ করেন অভিজ্ঞ স্পিনার। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে নিজের ৭০০তম প্রথম শ্রেণির উইকেট নেওয়ার আনন্দে মাতেন অশ্বিন।
এক বল পর অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে শূন্য রানে ফেরেন স্মিথ। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে কিপার শ্রিকার ভারতের গ্লাভসে।
লাঞ্চ বিরতির পর শামির দ্বিতীয় শিকার হন একাদশে ফেরা ট্রাভিস হেড। দ্বিতীয় স্লিপে দুর্দান্ত ক্যাচে ১২ রান করা ব্যাটসম্যানের বিদায়ঘণ্টা বাজান লোকেশ রাহুল।
পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন খাওয়াজা ও হ্যান্ডসকম। দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি করে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন খাওয়াজা।
তবে রিভার্স সুইপ খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন বাঁহাতি ওপেনার। রবিন্দ্র জাদেজার বলে তার শটে যদিও তেমন ভুল ছিল না। কিন্তু পয়েন্টে ডান দিকে ঝাপিয়ে এক হাতে ক্যাচ নেন রাহুল।
টেস্ট ক্রিকেটে জাদেজার এটি ২৫০তম উইকেট। ১২ চার ও ১ ছক্কায় ১২৫ বলে ৮১ রান করেন খাওয়াজা।
পরের ওভারেই কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারিকে ফেরান অশ্বিন। ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে তখন ভীষণ চাপে অস্ট্রেলিয়া।
অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ধাক্কা কিছুটা সামাল দেন হ্যান্ডসকম। তাদের জুটিতে আসে ৪৯ রান। অবশ্য মাথাব্যথার কারণ হওয়ার আগেই এই জুটি ভাঙেন জাদেজা। ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেরেন কামিন্স।
এরপর নিচের সারির ব্যাটসম্যানদের থেকে আর তেমন সহায়তা পাননি পঞ্চম ফিফটি করা হ্যান্ডসকম। দলকে আড়াইশ পার করিয়ে নন স্ট্রাইকে দাঁড়িয়ে দেখেন অলআউট হওয়ার দৃশ্য।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৮.৪ ওভারে (ওয়ার্নার ১৫, খাওয়াজা ৮১, লাবুশেন ১৮, স্মিথ ০, হেড ১২, হ্যান্ডসকম্ব ৭২*, কেয়ারি ০, কামিন্স ৩৩, মার্ফি ০, লায়ন ১০, কুনেমান ৬; শামি ১৪.৪-০-৬০-৪, সিরাজ ১০-২-৩০-০, অশ্বিন ২১-৪-৫৭-৩, জাদেজা ২১-২-৬৮-৩, আকসার ১২-২-৩৪-০)
ভারত ১ম ইনিংস: ৯ ওভারে ২১/০ (রোহিত ১৩*, রাহুল ৪*; কামিন্স ৩-১-৭-০, কুনেমান ৪-১-৬-০, লায়ন ২-০-৪-০)
