২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালো ফিতা’ নিয়ে আইসিসির সঙ্গে লড়ে যাবেন খাওয়াজা

আইসিসি পোশাক আইন ভঙ্গের অভিযোগ তুললেও এই অস্ট্রেলিয়ান ওপেনারের দাবি, ব্যক্তিগত শোকের ঘটনায় কালো ফিতা বেঁধে মাঠে নেমেছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 12:41 PM

Updated : 22 Dec 2023, 12:41 PM

বাহুতে কালো ফিতা বেঁধে মাঠে নামায় উসমান খাওয়াজার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে আইসিসি, সেটিকে চ্যালেঞ্জ করবেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। তার দাবি, ব্যক্তিগত শোকের ঘটনায় এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান নিশ্চিত করেছেন, পরের টেস্টে তার হাতে কালো ফিতা থাকবে না। 

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে কালো ফিতা লাগিয়ে মাঠে নামার আগে খাওয়াজার পরিকল্পনা ছিল বিশেষ কেডস পায়ে চাপিয়ে খেলার। তার ব্যাটিং বুটে লেখা ছিল ‘সব জীবনের মূল্য সমান’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার।’ ধারণা করা হয়, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ হিসেবে তার এই পদক্ষেপ। অনুশীলনে তিনি এই কেডস পরার পর তুমুল তোলপাড় পড়ে যায়। 

খাওয়াজার কেডস আইসিসির নজরে পড়ে এবং তাকে পোশাকের নীতিমালা মনে করিয়ে দেওয়া হয় যে, কোনো রাজনৈতিক বার্তা সম্বলিত কিছু পরে ক্রিকেটাররা মাঠে নামতে পারবেন না। খাওয়াজা শেষ পর্যন্ত ওই কেডস পরে খেলেননি। তবে টেস্ট শুরুর আগে একটি ভিডিও বার্তায় তিনি বলেন যে, তার বার্তাটি রাজনৈতিক কিছু ছিল না, বরং ছিল মানবাধিকারের পক্ষে। আইসিসির সঙ্গে এটা নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। 

এরপর পার্থ টেস্টে দেখা যায় তাকে কালো ফিতা বাহুতে লাগিয়ে মাঠে নামতে। আনুষ্ঠানিকভাবে কোনো কারণ তিনি জানাননি। তবে তখন ধারণা করা হয়, ভিডিওতে বলা কথাগুলির সূত্র ধরেই তিনি কালো ফিতা বেঁধেছিলেন। 

ক্রিকেট মাঠে কালো ফিতা বেঁধে মাঠে নামা বেশ নিয়মিত ঘটনাই। কানো ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট কেউ মারা গেলে কিংবা শোকের নানা ঘটনায় এটা দেখা যায় হরহামেশাই। তবে খাওয়াজার ব্যাপারটি একটি ব্যতিক্রম। দলের অন্য কেউ কালো ফিতা বেঁধে মাঠে নামেননি। 

কালো ফিতা বাঁধার জন্য নিজ দেশের বোর্ড ও আইসিসির কাছ থেকে আগেভাগে অনুমতি নিয়ে নিতে হয়। খাওয়াজা যে তেমন কিছু করেননি, সেটি বোঝা যায় আইসিসি তার বিরুদ্ধে অভিযোগ তোলায়। 

খাওয়াজার অবশ্য দাবি, তিনি নিয়ম মেনেই এটা করেছেন। আইসিসির বিরুদ্ধেই বরং তার পাল্টা অভিযোগ, এসব আইন প্রয়োগের ক্ষেত্রে ধারাবাহিক হতে না পারায়। 

“দ্বিতীয় দিনে (পার্থ টেস্টের) তারা আমাকে জিজ্ঞেস করেছিল কালো ফিতা বাঁধার কারণ এবং আমি তাদেরকে জানাই যে, ব্যক্তিগত একটি শোকের ঘটনায় এটি করেছি। কখনোই বলিনি এটা অন্য কিছুর জন্য। জুতোর (বার্তা লেখা) ব্যাপারটি ছিল ভিন্ন, খুশিমনেই তা বলতে পারি। কালো ফিতার ঘটনা আমার কাছে এমন কিছু মনে হচ্ছে না। সব নিয়ম অনুসরণ করেছি আমি। অতীতে এই ধরনের ঘটনা যা ঘটেছে, অনেকেই ব্যাটে স্টিকার লাগিয়েছে, জুতোয় নাম লিখেছে, এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে আইসিসির অনুমতি নেয়নি এবং কখনোই তিরষ্কৃত হয়নি।” 

“আইসিসির নিয়মকানুন শ্রদ্ধা করি অবশ্যই। তবে তাদেরকে আমি এটা নিয়ে জিজ্ঞেস করব এবং লড়াই করব যেন তারা এটিকে ন্যায্য ও সবার জন্য সমান করে তোলে এবং এসব আইনের ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিক হয়। সেই ধারাবাহিকতা এখনও নেই। আমার ব্যাপারটি নিয়ে আমি খুবই উন্মুক্ত ও সৎ ছিলাম। আইসিসির সঙ্গে এটা দেখব আমি।” 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন যে, আইসিসির সঙ্গে তারা আলোচনা করছেন যে, কীভাবে ও কোন পথে খাওয়াজা তার বার্তাটি দিতে পারেন। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে আলোচনার কোনো ফল আসা এখনও নিশ্চিত নয়। 

আইসিসির পোশাক ও সরঞ্জাম নীতিমালার ‘এফ’ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে খাওয়াজার বিরুদ্ধে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে আইসিসি একজন মুখপাত্র জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির অনুমতি না নিয়ে ব্যক্তিগত বার্তা (কালো ফিতা) মাঠে তুলে ধরায় এই অভিযোগ আনা হয়েছে। 

এই বিধি ভঙ্গের শাস্তি খুব বেশি নয়। প্রথমবার এই ধারা ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তি তিরষ্কার করা। এক বছর সময়ের মধ্যে চারবার এই বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা। এখানে নিষেধাজ্ঞার কোনো ব্যাপার নেই।