ইনজেকশন নিয়ে নতুন চোটের ধাক্কা সামলে মাঠে নামার অপেক্ষায় তামিম
কুঁচকির চোট সেরে যাওয়ার পর পিঠের নিচের অংশের চোটের সঙ্গে লড়াই চলছে অভিজ্ঞ ওপেনারের।
ভারতের বিপক্ষে সিরিজে তামিম ইকবাল যে চোটের কারণে খেলতে পারেননি, সেই কুঁচকির চোট সেরে গেছে বেশ আগেই। কিন্তু আরেক আততায়ী হয়ে আসে পিঠের নিচের অংশের চোট। তীব্র ব্যথায় কাবু অভিজ্ঞ ওপেনার পড়ে যান নতুন শঙ্কায়। পরে থাইল্যান্ডে গিয়ে ইনজেকশন নিয়ে ফেরেন তিনি। তার পরও অনিশ্চয়তা রয়ে যায় বিপিএলের শুরু থেকে তার মাঠে নামা নিয়ে। অবশেষে মঙ্গলবার ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেন তিনি।
আগামী কয়েক দিনে নতুন করে কোনো সমস্যা না হলে বিপিএলের শুরু থেকেই তামিমকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এই চোট নিয়ে তার শঙ্কা কিছুটা রয়েই যাবে। এই ব্যথা ফিরে আসতে পারে যে কোনো সময়ই।
গত মাসে ভারতের বিপক্ষে সিরিজের আগে নভেম্বরের শেষ দিকে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে চোট পান তামিম। পুরো সিরিজেই আর তাকে পায়নি দল। কিছুদিন বিশ্রামের পর তার পুনর্বাসন চলতে থাকে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে। এই সময়টাতেই অস্তিত্ব জানান দেয় পিঠের ওই ব্যথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বায়েজিদুল ইসলাম জানান, চোটের প্রেক্ষাপট বা উৎস নিয়ে কোনে ধারণা তাদের নেই।
“গ্রোয়েনের ব্যথা সেরে যাওয়ার পথে পিঠের ব্যথার কথা বলছিল তামিম। কোনোভাবেই ব্যথা না কমার পর স্ক্যান করে দেখা যায়, লোয়ার ব্যাক ডিস্কে টিয়ার আছে। যে সমস্যাটা সাইফ উদ্দিনের ছিল, তাসকিন ভুগেছে, অনেকটা সেরকমই সমস্যা। কখন, কীভাবে হলো তামিম নিজেও জানে না। তবে অনেক কারণেই এটা হতে পারে, বিশেষ করে ওই অংশে চাপ পড়লে।”
“পরে তামিম থাইল্যান্ডে যায় বিশেষজ্ঞ দেখাতে। তারা বলেছিলেন, ওষুধে কাজ হয়ে যাবে। তবে ইনকেজশনের কার্যকারিতা দ্রুত হতে পারে। যেহেতু কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তামিম ইকজেকশন নিয়েই ফিরেছে। গত কিছুদিন আস্তে আস্তে সতর্কতার সঙ্গে ম্যানেজ করতে হয়েছে। আজকে ফিটনেস টেস্টে পাশ করে গেছে ভালোভাবেই।
এক মাসের বেশি সময় আগে চোটে পড়ার পর তামিম নেটে প্রথম ব্যাটিং করেন সোমবার। ফিটনেস পরীক্ষা শেষে মঙ্গলবারও ব্যাটিং করেছেন কিছুক্ষণ। তাতে খুব একটা অস্বস্তি হয়নি বলেই জানালেন বায়েজিদুল। আগামী কয়েক দিনে আস্তে আস্তে ব্যাটিংয়ে সময় ও চাপ বাড়ানো হবে।
তবে জাতীয় দলে নানা সময় কাজ করা এই ফিজিও বললেন, এই চোটের ধরণই এমন, যে কোনো সময় ফিরে আসতে পারে।
“এই ব্যথা এমন যে কোনো নিশ্চয়তা নেই। কালকেও ফিরতে পারে, আবার দুই মাসেও না ফিরতে পারে। অনেক সময় বিশ্রাম পেলেও ঠিক হয়ে যায়। কিন্তু গ্রোয়েনের জন্য তামিম বিশ্রামে ছিলই, তখনও ঠিক হয়নি। কাজেই কিছুই বলা কঠিন। আমরা শুধু আশা করতে পারি যে দ্রুত যেন না ফিরে।”
বিপিএলের উদ্বোধনী দিনে তামিমের দল খুলনা টাইগার্সের খেলা নেই। তারা মাঠে নামবেন দ্বিতীয় দিনে, শনিবার। দলও তাই তাকে নিয়ে খুব একটা তাড়াহুড়ো করছে না বলে জানালেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ।
“তামিম ভালোভাবেই সেরে উঠছে। নেটে ভালোই ব্যাটিং করেছে গত দুদিন। আমি বলেছি ওকে একটু ধীর গতিতে এগোতে। যেহেতু আমাদের খেলা ৭ তারিখে। আজ মাত্র ৩ তারিখ। আমরা কাল একটা অনুশীলন ম্যাচ খেলব। হয়তো তামিম ওখানে কিছুক্ষণ ব্যাটিং করবে। সে ফিট, মাঠে নামতে প্রস্তুত।”
