এশিয়া কাপের আদলে আসছে ‘ইউরো নেশন্স কাপ’
আগামী বছরই শুরু হতে পারে ইউরোপিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর।
উপলক্ষটি ছিল আগামী আইরিশ গ্রীষ্মে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচগুলির সূচি ঘোষণা। সেই আয়োজনেই জানা গেল বড় এক খবর। ক্রিকেট আয়ারল্যান্ডের উদ্যোগে ইউরোপের শীর্ষ দলগুলিকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের জোর চেষ্টা চলছে। ইউরোপিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরের নাম হবে ‘ইউরো নেশন্স কাপ।’
ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস জানালেন, আগামী বছরই শুরু হতে পারে এই টুর্নামেন্ট। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি অংশ নিতে পারে এই লড়াইয়ে। ছেলে ও মেয়ে, দুই বিভাগের ক্রিকেটই থাকবে। সংস্করণ হতে পারে টি-টোয়েন্টি।
মূলত এশিয়া কাপের আদলেই টুর্নামেন্ট আয়োজনের ভাবনা তাদের। ১৯৮৪ সালে শুরু হয়ে এশিয়া কাপের ১৭টি আসর হয়ে গেছে এখনও পর্যন্ত।
ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান জানালেন, ইউরোপেও এমন টুর্নামেন্টকে বাস্তবে রূপ দিতে প্রবল তাড়না নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
“বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য বিষয়টি উত্থাপন করে রেখেছি। এটি এমন কিছু, যা নিয়ে আমার আবেগ প্রচণ্ড এবং যেটায় আমি মৌলিকভাবে বিশ্বাস করি।”
“আলোচনা এখন এমন একটি পর্যায়ে বিকশিত ও পরিবর্তিত হয়েছে যে, এটি বাস্তবে হতে চলেছে বলে আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী… যথাসময়ে অনেক অংশীজন এটির অংশ হবেন, তবে আশা করছি যে এটি ২০২৭-এর গ্রীষ্মে শুরু হবে এবং এর সুনির্দিষ্ট ধরন ও বিস্তারিত সবকিছু যথাসময়ে ঘোষণা করা হবে। আশা করছি, আগামী মাস দুয়েকের মধ্যেই তা হবে।”
এই আয়োজনে সবচেয়ে বেশি জরুরি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সম্মতি। গত সেপ্টেম্বরে তাদের সঙ্গে আলোচনা হয়েছিল বলে জানালেন ম্যাকনিস। সাম্প্রতিক সময়ে অবশ্য ইংলিশ বোর্ডের কর্তাদের সঙ্গে আর আলোচনা হয়নি তার। তবে যথাসময়ে সবকিছু হয়ে যাবে বলে আশা করছেন ম্যাকনিস। টিভি সম্প্রচারেও ভালো সাড়া পাওয়ার আশা তার।
“এটির সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীজন ও নানা পক্ষের সঙ্গে আলোচনা চলছে… শুরুতেই পরিষ্কার করে বলতে চাই, এটি পুরুষ ও নারীদের আয়োজন। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সম্প্রচারকারীদের দৃষ্টিকোণ থেকে এখনই কিছু বলা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তবে আমরা আশা করছি এই টুর্নামেন্টে সম্প্রচারকারীদের আগ্রহ থাকবে অনেক।”
এমিরেটস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের সঙ্গে এ দিন দীর্ঘমেয়াদী চুক্তির ঘোষণাও দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। চুক্তি অনুযায়ী, তাদের সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে নিয়মিত সাদা বলের সিরিজ খেলবে আয়ারল্যান্ড এবং আগামী মৌসুম থেকে প্রতিটি আইএলটি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিকে আয়ারল্যান্ডের অন্তত একজন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে হবে।
