২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্মরণীয় এক জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

নিউ জিল্যান্ড ম্যাচ পঞ্চম দিনে নিতে পারলেও জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন স্রেফ আর ৩ উইকেট।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 05:26 PM

Updated : 01 Dec 2023, 06:21 PM

হেমন্ত ঋতু নিয়ে জীবনানন্দ দাস লিখেছিলেন, “চারদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল/তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল/ প্রচুর শস্যের গন্ধ থেকে-থেকে আসিতেছে ভেসে…।” সত্যিকার অর্থেই অগ্রহায়ণের একটা আলাদা স্বাদ আছে। কুসুম কুসুম শীতের ছোঁয়া লাগে গায়ে। ধান কাটার ধুম পড়ে যায় কৃষকের মাঠে। নতুন চালের পিঠা-পায়েসের উৎসব চলে ঘরে ঘরে। নাকে লাগে নবান্নের ঘ্রাণ।

এই অগ্রহায়ণেই সিলেটে এখন সবচেয়ে তীব্রভাবে পাওয়া যাচ্ছে টেস্ট জয়ের গন্ধ। পূর্ণ শক্তির বড় দলের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ তো বাংলাদেশের ক্রিকেটে বিরল। চা বাগানের কোল শেষে পাহাড়-টিলা ঘেরা অনিন্দ্য সুন্দর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্মরণীয় এক জয় এই ধরা দিল বলে!

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে তৈরি করে দেওয়া পথে তাইজুল ইসলামের ঘুর্ণি বলের প্রদর্শনীতে এখন পরাজয়ের প্রহর গুনছে নিউ জিল্যান্ড। জয় থেকে স্রেফ ৩ উইকেট দূরে বাংলাদেশ।

আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে ৬ ওভার আগে। তাতে ম্যাচ পঞ্চম দিনে গড়িয়েছে বটে। তবে ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় নেই।

এরকম টার্নিং উইকেটে বাংলাদেশের তিন স্পিনারের সামনে শেষ ইনিংসে ৩৩২ রান এমনিতেও নিউ জিল্যান্ডের জন্য ছিল পাহাড়সম। তাইজুল নিশ্চিত করে দিয়েছেন, অসাধারণ কিছুর সম্ভাবনাও যেন জাগাতে না পারেন কিউইরা। চতুর্থ দিন শেষে তাদের রান ৭ উইকেটে ১১৩।

প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন তাইজুল। উইকেটের সহায়তা পেয়ে এই ইনিংসে তিনি আরও ভয়ঙ্কর। আবারও ৪ উইকেট নিয়েছেন তো বটেই। প্রতিটি বলেই যেন উইকেটের সম্ভাবনা জাগিয়ে তুলছিলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। কতবার যে অল্পের জন্য ব্যাটের কানা স্পর্শ করল না বল, কত বার ব্যাট ছুঁয়ে বল পড়ে গেল ক্লোজ-ইন ফিল্ডারদের আশেপাশে।

তাইজুলকে যথাযথ সঙ্গ দেন অন্য বোলাররাও। স্পিন মঞ্চে একমাত্র পেসার হিসেবে নতুন বলে যেটুকু দায়িত্ব ছিল, তা দারুণভাবেই পূরণ করেন শরিফুল ইসলাম। চতুর্থ দিনের উইকেটেও বেশ সুইং ও সিম মুভমেন্ট আদায় করে নেন তিনি। প্রথম ওভারেই তিনি দলকে এনে দেন ব্রেক থ্রু। তার সুইংয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের ডাইভিং ক্যাচের শিকার হন টম ল্যাথাম।

এরপর অভিযানে নেমে পড়েন স্পিনাররা। নিউ জিল্যান্ডের কোনো ব্যাটসম্যানকেই সেভাবে স্বস্তিতে ব্যাট করতে দেননি তারা। বড় ইনিংস খেলতে পারেননি কেউ, গড়ে ওঠেনি বড় কোনো জুটি।

বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হতে পারতেন যিনি, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ও স্পিনে দারুণ দক্ষ কেন উইলিয়ামসনকে এবার ১১ রানেই বিদায় করে দেন তাইজুল ইসলাম। হেনরি নিকোলসকে থিতু হতে দেননি মিরাজ।

ওপেনার ডেভন কনওয়ে এক প্রান্ত আগলে রাখেন বেশ কিছুক্ষণ। তার প্রতিরোধ ভেঙে দেন তাইজুল। দুই প্রান্ত থেকেই টার্ন আর বাউন্সের সঙ্গে লড়াইয়ে টিকতে পারেননি টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপসরা।

লড়াই যা করেন কেবল ড্যারিল মিচেল। ইংল্যান্ডে টানা তিন টেস্টে সেঞ্চুরি করে সুইং বোলিংয়ে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এবার দেখালেন, এমন টার্নিং উইকেটেও তার স্কিল খারাপ নয়। ইশ সোধিকে নিয়ে দিনের শেষ ভাগটা পার করে দেন তিনি।

সকালে ৩ উইকেটে ২১২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ বাকি ৭ উইকেটে যোগ করতে পারে আর ১২৬ রান। তাতে বড় অবদান মেহেদী হাসান মিরাজের ফিফটির।

দিনের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের বলে আলতো করে ব্যাট ছুঁইয়ে কিপারের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। আগের দিনের ১০৪ রানের সঙ্গে স্রেফ আর ১ রান যোগ করতে পারেন বাংলাদেশ অধিনায়ক।

৪৩ রানে দিন শুরু করে মুশফিকুর রহিম ফিফটি পূরণ করেন ৭৯ বলে। তবে ২৬তম টেস্ট ফিফটিকে বড় করতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান। তার ইনিংস থামে ৬৭ রানে।

এরপর অভিষিক্ত শাহাদাত হোসেন দারুণ কয়েকটি শট খেলে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। নুরুল হাসান সোহান পারেননি বেশিক্ষণ টিকতে বা ক্যামিও ইনিংস খেলতে।

এরপর রান বাড়ানোর কাজটি মূলত মিরাজই করেন। লোয়ার অর্ডার থেকে খুব একটা সহায়তা তিনি পাননি। ৬০ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম টেস্ট ফিফটিতে ৫০ রানে অপরাজিত থাকেন মিরাজ।

লিড ততক্ষণে হয়ে গেছে যথেষ্টরও বেশি। তাইজুল ও তার সঙ্গীরাও তা প্রমাণ করেছেন।

দিনের শেষভাগে যখন রিভিউ নিয়ে আউট হওয়া থেকে বেঁচে গেলেন ইশ সোধি, মুষ্টিবদ্ধ হাত বাতাস ছুড়ে তা উদযাপন করলেন ড্যারিল মিচেল। মানে, ম্যাচ পঞ্চম দিনে নিতে পেরেও তারা কত খুশি!

ম্যাচ জয়ের আনুষ্ঠানিকতার আগে এটিও তো বাংলাদেশের আরেকটি জয়!

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭

বাংলাদেশ ২য় ইনিংস: ১০০.৪ ওভারে ৩৩৮ (আগের দিন ২১২/৩) (শান্ত ১০৫, মুশফিক ৬৭, শাহাদাত ১৮, মিরাজ ৫০*, সোহান ১০, নাঈম ৪, তাইজুল ০, শরিফুল ১০; সাউদি ১৫-৩-৩৩-১, জেমিসন ১৩-৩-২৫-০, এজাজ ৩৬.৪-১-১৪৮-৪, ফিলিপস ১৬-৪-৪৭-১, সোধি ১৯-২-৭৪-২, মিচেল ১-০-২-০)

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩২) ৪৯ ওভারে ১১৩/৭ (ল্যাথাম ০, কনওয়ে ২২, উইলিয়ামসন ১১, নিকোলস ২, মিচেল ৪৪*, ব্লান্ডেল ৬, ফিলিপস ১২, জেমিসন ৯, সোধি ৭*; শরিফুল ৬-২-১৩-১, মিরাজ ১১-৩-৩১-১, তাইজুল ২০-৭-৪০-৪, নাঈম ১০-১-২৪-১, মুমিনুল ২-০-৫-০)