পাকিস্তানে যুবাদের সামনে বড় লক্ষ্য
শেষ দিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ।
প্রথম ইনিংসের মতো এবার বোলিং তেমন ভালো করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাদ বেইগ ও ওয়াহাজ রিয়াজের সেঞ্চুরিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল গড়ল বড় সংগ্রহ। পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারানো বাংলাদেশের যুবাদের সামনে এখন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচে ৪১১ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। শেষ দিন ৯ উইকেট হাতে নিয়ে এখনও করতে হবে ৩৫১ রান।
পাকিস্তানের যুবারা দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ৩৪৭ রানে। প্রথম ইনিংসে তাদের লিড ছিল ৬৩ রানের।
ম্যাচের প্রথম দুই দিন আলোকস্বল্পতায় খেলা শেষ হয়েছিল আগেভাগে। তবে তৃতীয় দিন এই সমস্যা দেখা দেয়নি।
২ উইকেটে ৫৪ রান নিয়ে রোববারের খেলা শুরু করে পাকিস্তান। দলীয় ২৭ রানে শুরু হওয়া সাদ ও ওয়াহাজের তৃতীয় উইকেট জুটি ভাঙে ২৪৯ রানে গিয়ে। এই দুজনের ২২২ রানের জুটি ভাঙার পর আর ৯৮ রান যোগ করতেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
১৭২ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১১৭ রান করেন ওয়াহাজ। সাদও করেন ১১৭। ১৩৪ বলে ১৮ চার ও এক ছক্কায় গড়া তার ইনিংসটি। হাসিব নাজিমের ব্যাট থেকে আসে ৫৩ রান। আর কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।
২৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার লেগ স্পিনার মোহাম্মদ শিহাব। রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মাহফুজুর রহমান রাব্বি নেন ২টি করে উইকেট।
শেষ সেশনে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ সোহাগ ও শাহরিয়ার সাকিব ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের বাকি সময় কাটিয়ে দেন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
পাকিস্তান অনুর্ধ-১৯ ১ম ইনিংস: ২২৪
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ১৬১
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ৭৯.১ ওভারে ৩৪৭ (আগের দিন ৫৪/২) (ওয়াহাজ ১১৭, সাদ ১১৭, হাসিব ৫৩, জুলফিকাল ১, ইবতিসাম ২৩, আসফান্দ ৪, ইসমাইল ০, বাসিত ৩*; বর্ষণ ১৩-০-৬১-২, মারুফ ১৫-৩-৪৮-১, ইমন ৮-০-৬১-০, রিজওয়ান ২-০-১৫-০, রাব্বি ২২-১-৮১-২, আহরার ৩-০-২১-০, জিসান ১০-২-৩৪-১, শিহাব ৬.১-১-২৪-৪)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৪১১) ২২ ওভারে ৬০/১ (রিজওয়ান ১০, সোহাগ ১৯*, সাকিব ২৯*; ইবতিসাম ৫-০-১১-০, ইসমাইল ৭-০-১৪-১, আফতাব ২-০-১৫-০, আসফান্দ ৫-১-১৩-০, আব্দুল বাসিত ৩-১-৬-০)
