Published : 11 Dec 2025, 08:21 PM
বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতোমধ্যে নিজের আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন আভিশেক শার্মা। এখনও ওয়ানডে কিংবা টেস্ট খেলার সুযোগ পাননি ভারতের বাঁহাতি এই ব্যাটসম্যান। আভিশেকের বাবা ও শৈশবের কোচ রাজকুমার শার্মা জানালেন, তার ছেলে ফোনে লম্বা সময় কথা বলেন ব্রায়ান লারার সঙ্গে এবং ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট তাকে লাল বলের ক্রিকেটেও আগ্রাসী ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন।
২৫ বছর বয়সী আভিশেক এখন ভারতের টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ। ২০২৪ সালের জুলাইয়ে অভিষিক্ত ব্যাটসম্যান এরই মধ্যে খেলে ফেলেছেন ৩০ ম্যাচ। ৩৬.৭৫ গড়ে রান করেছেন ১ হাজার ২৯। স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো, ১৮৮.৪৬। ২টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ৬টি। বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান তিনি।
ধীরে ধীরে তিনি ওয়ানডে ও টেস্ট অভিষেকের পথ তৈরি করছেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার বললেন, তার ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন লারা।
“আভিশেক প্রাথমিকভাবে লাল বলের ক্রিকেটে সাফল্য পেয়েছিল এবং এটিই তাকে সাদা বলের ক্রিকেটে উজ্জ্বল করে তুলেছে। লারা তাকে কীভাবে সব ফরম্যাটের খেলোয়াড় হিসেবে দেখেন, সেটাও বলেছেন। তার সঙ্গে ফোনে লারা ঘন্টার পর ঘন্টা কথা বলেন এবং তিনি তাকে একই ধরন, একই মনোভাব নিয়ে খেলার পরামর্শ দেন, এমনকি লাল বলের ক্রিকেটেও।”
২০২৩ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ছিলেন লারা। তার আগের মৌসুমে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ আইপিএল থেকে দলটির হয়ে খেলা আভিশেককে কাছ থেকেই দেখেছেন টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডধারী লারা।
২০২৩ সাল পর্যন্ত যদিও আইপিএলে খুব বেশি প্রভাব আভিশেক রাখতে পারেননি। গত দুই আসরে তার ব্যাটে দেখা যায় রানের প্লাবন। ২০২৪ আসরে ১৬ ইনিংসে ২০৪.২২ স্ট্রাইক রেটে করেন ৪৮৪ রান, ২০২৫ আসরে ১৪ ইনিংসে ১৯৩.৩৯ স্ট্রাইক রেটে করেন ৪৩৯।
টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে ১৬১ ইনিংসে ১৭১.৪৬ স্ট্রাইক রেটে তার রান ৪ হাজার ৮৩২। সেঞ্চুরি ৮টি, ফিফটি ২৮টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৫ ইনিংসে ৩৪.০৩ গড় ও ৯৯.৯৫ স্ট্রাইক রেটে রান ২ হাজার ১১০, সেঞ্চুরি ৪টি।
পাঞ্জাবের এই ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য এখনও তেমন কিছু করতে পারেননি। ৩৭ ইনিংসে ৩০.৬০ গড় ও ৭০.৪৬ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৭১। সেঞ্চুরি একটি।
এই বছর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিনি রানের বন্যা বইয়ে দেন। ৬ ইনিংসে ৫০.৬৬ গড় ও অবিশ্বাস্যভাবে ২৪৯.১৮ স্ট্রাইক রেটে করেন ৩০৪ রান। বাংলার বিপক্ষে ৫২ বলে অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলার পথে তিনি ১২ বলে করেন ফিফটি, ৩২ বলে সেঞ্চুরি।
টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ডে আরও তিন জনের সঙ্গে ইউভরাজ সিংয়ের পাশে বসেন আভিশেক। তার ক্যারিয়ারে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইউভরাজের প্রভাবের কথা তো মোটামুটি সবারই জানা। এবার জানা গেল, সর্বকালের সেরা বাঁহাতি ব্যাটসম্যানদের একজন লারাও আভিশেকের ক্যারিয়ারে সম্পৃক্ত আছেন ঘনিষ্ঠভাবেই।