১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩ বছর পর ভারতে ‘ফিরছে’ আইপিএল নিলাম

ভারতের কোন শহরে হবে ২০২৭ আইপিএলের নিলাম, সেটা এখনও নির্ধারণ করা হয়নি।

৩ বছর পর ভারতে ‘ফিরছে’ আইপিএল নিলাম

আইপিএল নিলাম অনুষ্ঠান। ছবি: বিসিসিআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 08:34 PM

Updated : 16 Sep 2026, 08:34 PM

দেশের বাইরে আইপিএলের নিলাম আয়োজনের ধারায় এবার ছেদ পড়তে যাচ্ছে। তিন বছর পর ভারতে ফিরতে যাচ্ছে দেশটির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান।

২০২৭ আইপিএলের নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইপিএল গভর্নিং কাউন্সিলের মঙ্গলবারের সভায় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি এটি।

কোচিতে ২০২৩ আইপিএল নিলামের পর, সবশেষ তিনটি নিলাম অনুষ্ঠিত হয় দুবাই, জেদ্দা ও আবু ধাবিতে। এবার ‘মিনি-নিলাম’ হওয়ায় তা ভারতে আয়োজন করতে চাচ্ছে বিসিসিআই।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, ২০২৮ আইপিএলের মেগা নিলাম আবারও দেশের বাইরে হতে পারে।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া আশ্বাসের সঙ্গেও এই সিদ্ধান্তের মিল রয়েছে। ‘মিনি-নিলামের’ জন্য নিজেদের প্রতিনিধিদল নিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে লজিস্টিক ও পরিচালনাগত নানা চ্যালেঞ্জ নিয়ে আপত্তি জানিয়েছিল দলগুলো। ক্রিকবাজ তাদের প্রতিবেদনে লিখেছে, গত বছর আবুধাবিতে নিলামের সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর এসব মতামত বিবেচনায় নেয় বিসিসিআইয়ের কর্মকর্তারা। আর সেই অনুযায়ী, ২০২৭ আইপিএলের নিলামের ভেন্যু হিসেবে ভারতের কোনো একটি শহরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল।

পরের নিলাম ভারতে আয়োজনের কথা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বুধবার নিশ্চিত করেন আইপিএলের চেয়ারম্যান আরুন ধুমাল। 

“প্রতি বছরই আমরা এটা (নিলাম) ভারতে আয়োজনের চেষ্টা করি। কিন্তু (ওই সময়) বিয়ের ভর মৌসুমের কারণে ভেন্যু পাওয়া যায় না। তবে এবার যেহেতু ছোট পরিসরে (মিনি-নিলাম) নিলাম অনুষ্ঠিত হবে, তাই নিশ্চিতভাবেই এটা ভারতে করতে চাই এবং আশা করছি পছন্দমতো ভেন্যু পেয়ে যাব।”

ফ্র্যাঞ্চাইজি ও তাদের প্রতিনিধিদলের থাকার ব্যবস্থা কেমন হবে, তার ওপর ভিত্তি করেই ভেন্যু নির্ধারণ করা হবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম চলার বিষয়টিও বিবেচনায় নিয়েছে গভর্নিং কাউন্সিল। ওই সময়ে পাঁচ তারকা হোটেলে কক্ষের প্রাপ্যতার ওপর নির্ভর করবে কোন শহরকে নিলামের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হবে। নিলামের সময় কয়েক রাতের জন্য বিসিসিআইয়ের ১০০টির বেশি কক্ষ প্রয়োজন।

উইমেন’স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পঞ্চম আসরের নিলাম আগামী ২৮ অক্টোবর কোচিতে অনুষ্ঠিত হবে। নিলামের আগে পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ সময় ২৮ সেপ্টেম্বর।

বিসিসিআই জানিয়েছে, ২০২৭ সালের ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাঠের লড়াই।