২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেডিংলি টেস্টে মইনকে পাওয়ার আশায় ইংল্যান্ড

ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ বলেছেন, আঙুলের চোট থেকে সেরে উঠছেন মইন আলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 08:34 PM

Updated : 01 Jul 2023, 08:34 PM

আঙুলের চোট থেকে সেরে উঠছেন মইন আলি। এরই মধ্যে টুকটাক বোলিংও শুরু করেছেন ইংল্যান্ডের এই অফ স্পিনিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে তাকে পাওয়ার আশা করছে স্বাগতিকরা। 

লিডসে আগামী বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। 

অ্যাশেজের এজবাস্টন টেস্ট দিয়ে অবসর ভেঙে ২১ মাস পর এই সংস্করণে খেলতে নামেন মইন। প্রথম ইনিংসে বোলিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট পান ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। 

ব্যথা নিয়েই বোলিং চালিয়ে যান মইন। দুই ইনিংসে ৪৭ ওভার করে ২০৪ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। 

ওই চোটে লর্ডসে চলমান ম্যাচ থেকে ছিটকে পড়েন মইন। তার কাভার হিসেবে তরুণ লেগ স্পিনার রেহান আহমেদকে স্কোয়াডে যোগ করে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের একাদশে অবশ্য সুযোগ পান পেসার জশ টং। 

সেরে ওঠার পথে থাকা মইন এরই মধ্যে শুরু করে দিয়েছেন প্রস্তুতি। চলমান টেস্টের প্রথম তিন দিনই অনুশীলনে বোলিং করেছেন তিনি। যা কাছ থেকে দেখেছেন ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ জিতান প্যাটেল। তার মতে, পরের টেস্টে মইনের খেলার সম্ভাবনা উজ্জ্বল। 

“আগামী কয়েকদিন সব কিছু ঠিক থাকলে, তিনি আঙুলকে বিশ্রাম দেবেন, হেডিংলিতে যাবেন এবং খেলতে প্রস্তুত থাকবেন। ম্যাচের শেষে এটা (চোটে পড়া) খুব হতাশাজনক ছিল… আমরা যতটা সম্ভব সারিয়ে তোলার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে, আঙুল ভালো অবস্থায় আছে; চোট খুবই ভালোভাবে সারছে।”