১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

১৬ বছর পর নতুন ভূমিকায় আইপিএলে ভাস

দিল্লি ক্যাপিটালসে সৌরভ গাঙ্গুলি, ইউভরাজ সিংয়ের সঙ্গী হচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 12:34 PM

Updated : 17 Oct 2026, 12:34 PM

আইপিএলের সঙ্গে চামিন্দা ভাসের সংযোগ ছিল কেবল সেই খেলোয়াড়ি জীবনেই। সেখানেই এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি এই পেসার।

সামাজিক মাধ্যমে আকর্ষণীয় এক ভিডিওতে শনিবার সকালে দিল্লি ক্যাপিটালস নিশ্চিত করে ভাসকে নিয়োগ দেওয়ার খবর।

আইপিএলের প্রথম তিন আসরে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ভাস খেলেছেন ডেকান চার্জার্সে। ততদিনে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। পরে আরও বছর দুয়েক ক্রিকেট বিশ্বের নানা জায়গায় খেলে ২০১২ সালে কোচিংয়ে নাম লেখান তিনি। কয়েক দফায় শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করার পাশাপাশি নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ড দলে কাজ করেছেন, ঘরোয়া ক্রিকেটেও কাজ করেছেন বিভিন্ন সময়ে। আইপিএল কোচিং করাবেন তিনি এবারই প্রথম।

বছরের পর বছর ধরে আইপিএলে প্রত্যাশিত সাফল্য না পেয়ে আগামী আসরের আগে কোচিং স্টাফ ঢেলো সাজাচ্ছে দিল্লি ক্যাপিটারস। হেমাং বাদানিকে সরিয়ে এর মধ্যেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। বিশ্বকাপজয়ী তার ইউভরাজ সিংকে আনা হয়েছে সহকারী কোচ ও ব্যাটিং কোচকে। এবার যুক্ত হলেন ভাস।

শ্রীলঙ্কার ইতিহাসের সর্বকালের সেরা পেসার ভাস। নিখুঁত লাইন-লেংথ ও দুর্দান্ত সুইং বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১১ টেস্টে ৩৫৫ উইকেট ও ৩২২ ওয়ানডেতে ৪০০ উইকেট শিকার করেছেন তিনি। গড়েছেন অনেক অনেক রেকর্ড।

দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ হিসেবে অমিত মিশ্র কাজ শুরু করে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে সাবেক এই লেগ স্পিনারের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও।