দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ ইউভরাজ
এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ে যুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার।
আগামী বছরের আইপিএল সামনে রেখে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইউভরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রধান কোচ ও সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলির সঙ্গে কাজ করবেন তিনি।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো গত জুনে জানিয়েছিল, প্রধান কোচ হিসেবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ ও ব্যাটিং কোচ হিসেবে ইউভরাজকে নিযুক্ত করেছে দিল্লি। সৌরভকে দায়িত্ব দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে জানায় গত সপ্তাহে। মঙ্গলবার ইউভরাজের নিয়োগের কথাও নিশ্চিত করা হলো।
এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ে যুক্ত হলেন ইউভরাজ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ে ভারতের নায়ক এক বিবৃতিতে বললেন, কাজ শুরু করতে তার সইছে না।
“দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি উচ্ছ্বসিত। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং মালিকদের সঙ্গেও ভালো পরিচয় রয়েছে, যা আমার জন্য এই সুযোগকে স্পেশাল করে তুলেছে।
“দাদার (সৌরভ গাঙ্গুলি) সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায় আছি-এবার কোচ হিসেবে। কোচিংয়ের প্রতি আমার গভীর অনুরাগ রয়েছে এবং খুবই প্রতিভাবান এই দলের সঙ্গে কাজ শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে, এটি আমার জন্য রোমাঞ্চকর যাত্রা হতে চলেছে এবং দলের সাফল্যে অবদান রাখার জন্য আমি উন্মুখ হয়ে আছি।”
গত কয়েক বছরে শুবমান গিল (টেস্ট ও ওয়ানডে অধিনায়ক) ও আভিশেক শার্মাসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার ব্যাটসম্যান হিসেবে নিজেদের সাফল্যের পেছনে ইউভরাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানিয়েছেন।
২০১৫ সালের আইপিএলের আগে ১৬ কোটি রুপিতে দিল্লিতে যোগ দেওয়ার পর, তাদের হয়ে ১৪টি ম্যাচ খেলেন ইউভরাজ; যেখানে ২৪৮ রান করার পাশাপাশি একটি উইকেটও নেন তিনি। ওই সময় তিনিই ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার।
সব মিলিয়ে আইপিএলে ১৩২ ম্যাচ খেলে ইউভরাজের রান দুই হাজার ৭৫০, উইকেট ৩৬টি। ২০১৯ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি।
