‘দেশের সেরা দুই ফাস্ট বোলারের’ হাত ধরে দারুণ কিছুর আশায় দুর্দান্ত ঢাকা
দলে খুব বেশি তারকা না থাকলেও তাসকিন ও শরিফুলের বোলিং শক্তিতে বিপিএলে ভালো কিছু করতে চান দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ।
কুয়াশার চাদরে গুমোট চারপাশ। তীব্র শীতে জড়সড় সবাই। তবে বিপিএল দলগুলোর তো বসে থাকার জো নেই। টুর্নামেন্ট শুরুর সময় এগিয়ে আসছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার প্রস্তুতি শুরু করল দুর্দান্ত ঢাকা। এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি তারা, বাড়তি কিছুটা আগ্রহ তাদের ঘিরে থাকারই কথা। তবে প্রথম দিনের অনুশীলনে সংবাদমাধ্যমের কৌতূহলের কেন্দ্রে তাসকিন আহমেদ।
চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে আছেন এই ফাস্ট বোলার। সব ঠিকঠাক থাকলে বিপিএল দিয়েই তিনি ফিরবেন। দুর্দান্ত ঢাকার প্রথমদিনের অনুশীলনে অবশ্য খুব বেশি বোলিং তিনি করেননি। এই দলের আরেক পেসারকে ঘিরেও আছে আগ্রহ। সাম্প্রতিক সময়ে যিনি অসাধারণ ফর্মে আছেন- শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারকে অবশ্য মাঠেই দেখা গেল না।
জাতীয় দলের তুমুল ব্যস্ততা শেষে আপাতত একটু বাড়তি ছুটি পেয়েছেন শরিফুল। দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা শিগগিরই। তাসকিনও তৈরি মাঠে ফিরতে। শক্তি-সামর্থ্যে বেশ পিছিয়ে থাকা ঢাকার আশা-ভরসার কেন্দ্রে এই দুই পেসারই। কোচ খালেদ মাহমুদের চোখে, তারা দুজন এখন দেশের সেরা দুই ফাস্ট বোলার।
গত বিপিএলে তলানি থেকে দুইয়ে ছিল ঢাকা ডমিনেটর্স। তাদের বদলে এবার এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। তবে কাগজে-কলমে খুব ভালো দল তারা এবারও গড়তে পারেনি। দেশের ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য বলতে আছেন মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, আরাফাত সানি, তাসকিন ও শরিফুল। বিদেশি ক্রিকেটারদের মধ্যেও নেই কোনো তারকা কিংবা বড় কোনো নাম।
প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ খালেদ মাহমুদ বললেন, তাসকিন-শরিফুলের ভেলায় ভেসেই ভালো কিছুর আশায় তারা।
“আমার দলের সবচেয়ে বড় শক্তি যে বাংলাদেশের সেরা দুটি ফাস্ট বোলার আমার দলে আছে। বাংলাদেশের পেস ব্যাটারির মূল দুই বোলার। ওদের কাছে আমার প্রত্যাশা থাকবে, নতুন বলে উইকেট তুলে নেবে। চাপে ফেলবে প্রতিপক্ষকে, এটা তো স্বপ্ন দেখতেই পারি বা চিন্তা করতেই পারি। সেদিক থেকে আমাদের সৌভাগ্য যে, আমরা ওই দুজনকে ধরে রাখতে পেরেছি, গত বছর ঢাকা দলে খেলেছে বলে।”
প্রত্যাশা বেশি থাকা মানে সবসময় বাড়তি চাপও সঙ্গী হওয়া। তাসকিন-শরিফুলের ওপর অবশ্য সেই চাপ চাপিয়ে দিতে চান না খালেদ মাহমুদ।
“আমি কারো ওপর চাপ সৃষ্টি করতে চাই না যে, তাসকিন এত উইকেট নেবে বা শরিফুল এতগুলো…। ওরা যেন নিজেদের সেরাটা দিতে পারে। আমি চাই ওরা মুক্তভাবে খেলুক, উপভোগ করুক, সেটা নিশ্চিত করতে চাই।”
শরিফুল দারুণ ছন্দে থাকলেও তাসকিনের ফিটনেসের অবস্থা নিয়ে কিছুটা প্রশ্নের অবকাশ আছেই। গত বিশ্বকাপের পর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। কাঁধের পুরোনো সমস্যা ফিরে আসায় বিশ্বকাপে সেরা চেহারায় দেখা যায়নি তাকে। পরে পরিপূর্ণ বিশ্রামে রাখা হয় তাকে এক মাস।
পুনর্বাসনের অংশ হিসেবে গত মাসের মাঝামাঝি বোলিং শুরু করেন তিনি। এই মাসের শুরুতে পূর্ণ রান আপে বোলিংয়ে ফেরেন।
ঢাকার প্রথম দিনের অনুশীলনে অবশ্য শুরুতে ছোট রান আপে আস্তে করে কিছু ডেলিভারি করতে দেখা গেল তাকে। পরে কিছু ডেলিভারি করেছেন পুরো রান আপে। তবে ঠিক পুরো ছন্দে তাকে মনে হয়নি। খুব বেশি সময় বোলিংও করেননি।
খালেদ মাহমুদ জানালেন, পরিকল্পনার অংশই ছিল তা। বিপিএলের শুরু থেকেই তাসকিনকে পুরোদমে পাওয়া যাবে বলে নিশ্চিত করলেন ঢাকা কোচ।
“প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়া যাবে। ওর প্রক্রিয়া সবচেয়ে ভালো বোঝে ও নিজেই, কখন কী করতে হবে। আজকে চাচ্ছিলাম না যে ও বেশি বোলিং করুক, যদিও আজকে ওর বোলিং ডে ছিল। ও এটা মেইনটেইন করছে… আজকে বেশি বল করবে না, ২-৩ ওভার করবে। তবে তাসকিন তৈরি। আমার কোনো সংশয় নেই, ওরও কোনো সংশয় নেই। ফিজিওর সঙ্গে আমার নিয়মিত কথা হয়। ফিজিও থাকে সবসময় ওর সঙ্গে। সবাই জানে, সে ভালো অবস্থায় আছে।”
আগামী শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা।
