২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সঙ্গে ব্যাটিং উপভোগ করেন শান্ত

দুইশ ছাড়ানো জুটি গড়ে নাজমুল হোসেন শান্ত বললেন, মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ব্যাটিং করতে তার ভালো লাগে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 09:05 PM

Updated : 14 Jun 2023, 09:30 PM

দ্বিতীয় ওভারেই ড্রেসিং রুমে জাকির হাসান। সবুজ ঘাসের উইকেটে শুরুতেই বিপদে বাংলাদেশ। তবে চাপ বাড়তে দেননি মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। পাল্টা আক্রমণের পথে হাঁটেন শান্ত, দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে জয় দেন নির্ভরতা। দুজন মিলে গড়েন রেকর্ড জুটি। স্বাগতিকরা পায় বড় সংগ্রহের ভিত। দিন শেষে শান্ত শোনান অনুজ এই সতীর্থের সঙ্গে ব্যাটিংয়ে নিজের ভালো লাগার কথা।

মিরপুর টেস্টের প্রথম দিনে ৬ রানে প্রথম উইকেট পড়ার পর প্রায় দেড় সেশন এক সঙ্গে ব্যাটিং করেন জয় ও শান্ত। দুজন মিলে ২৬৭ বলে যোগ করেন ২১২ রান। এই মাঠে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। সব মিলিয়ে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।

পরে ব্যাটিংয়ে নামলেও জয়ের চেয়ে দ্রুত এগিয়ে যান শান্ত। দুইশ ছাড়ানো জুটিতে তার অবদান ১২১ রান, জয় নেন ৭১। রহমত শাহর বলে লেট কাট করে স্লিপে ক্যাচ দিয়ে জয় আউট হলে ভাঙে তাদের দীর্ঘ জুটি।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৭ বার জুটি বেধেছেন এই দুজন। এরই মধ্যে দুটি সেঞ্চুরি ও একটি পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েছেন তারা। ইনিংসপ্রতি এই জুটির সংগ্রহ ৬০ রানের বেশি।

শান্ত ও জয়ের জুটি বেধে ভালো খেলার ছাপ মেলে দুজনের একসঙ্গে ব্যাটিং করার প্রথম দিনেই। গত বছরের জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবার জুটি বাধেন তারা দুজন। সেদিন ৪৩ রানে প্রথম উইকেট পড়ার পর দুজন মিলে যোগ করেন ১০৪ রান। শান্ত ৬৪ রান করে ফেরেন। প্রায় ৫ ঘণ্টা ক্রিজে থেকে ৭৮ রানের ইনিংস খেলেন জয়।

পরে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের ডারবান টেস্টের দুজনের পরের জুটিতে আসে ৫৫ রান। মাঝে আরও চারবার জুটি বাধলেও পঞ্চাশ ছুঁতে পারেননি তারা। আর এবার আফগানদের বিপক্ষে ছাড়িয়ে গেলেন আগের সবগুলোকে।

ক্রিজে গিয়ে চতুর্থ বলেই প্রথম বাউন্ডারি মারেন শান্ত। পরের বলে মারেন আরেকটি। স্ট্রোকের পসরা সাজিয়ে ১০ চারে স্রেফ ৫৮ বলে তিনি স্পর্শ করেন ফিফটি। জয়ের নামের পাশে তখন ৫৮ বলে ২৩ রান।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, শুরুতে এক প্রান্তে জয় নির্ভরতা জোগানোয় তাকে সাবলিল ব্যাটিং করতে সহায়তা করেছে।

“দক্ষিণ আফ্রিকায়ও ছোট একটি জুটি হয়েছিল ওর (জয়) সঙ্গে। অবশ্যই জয়ের সঙ্গে ব্যাটিং করতে উপভোগ করি, সবার সাথেই করি। ও যেভাবে নতুন বলটাকে সামলেছে, ওই সময়টা খুব উপভোগ করেছি।”

“উইকেটে ঘাস ছিল, বাড়তি বাউন্স ছিল! আমার মনে হয়, জয় নতুন বলটা খুব ভালো সামলেছে। আমরা চিন্তা করিনি যে আউট হতে পারি। বল বাই বল হিসেবে খেলেছি। উইকেটে কী হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করিনি।”

পরে জয় যখন ১০২ বলে ফিফটি স্পর্শ করেন, শান্ত পৌঁছে যান ৯৮ রানে। পঞ্চাশ ছোঁয়ার পর জয়ও কিছুটা হাত খুলে খেলতে থাকেন। যা বাড়ায় রানের গতি। সব মিলিয়ে তাদের জুটিতে রান ওঠে ওভারপ্রতি প্রায় ৫ করে।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দ্রুত রান করলেই যেন চলে আসে ইংল্যান্ডের 'বাজবল' ঘরানার ব্যাটিংয়ের প্রসঙ্গ। তবে শান্ত জানান, কোনো দলকে অনুসরণ করে নয়, বরং পরিস্থিতি বুঝে নিজেদের পরিকল্পনায়ই খেলেছেন তারা।

“আমরা ওভাবে কোনো দলকে অনুসরণ করি না। আমাদের চিন্তাভাবনা খুবই পরিষ্কার। আমি আর জয় যখন ব্যাটিং করছিলাম, বাজে বলগুলো থেকে চেষ্টা করছিলাম রান বের করে নেওয়ার। ওভাবেই ব্যাটিং করে গেছি। এমন কিছু না যে আগ্রাসী ভাবনা বা প্রতি বলেই মারতে হবে। মারার বল মেরেছি, এই মানসিকতা নিয়েই ব্যাটিং করেছি।”

বড় জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহের মঞ্চ সাজিয়ে দেন শান্ত-জয়। কিন্তু শেষ সেশনে দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। অভিজ্ঞ মুমিনুল হক ও অধিনায়ক লিটন দাস ফিরে যান অল্পেই।

তবে দিনের শেষ ভাগে দারুণ ব্যাটিংয়ে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। যা দলকে নিয়ে গেছে সাড়ে তিনশ ছাড়ানো স্কোরে।

দ্বিতীয় দিন সকালে এই জুটির দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।

“মিডল অর্ডারে আরও একটা জুটি হতে পারত। এখন যেভাবে মুশফিক ভাই ও মিরাজ ব্যাটিং করছে, এটা যদি বড় হয় তাহলে মাঝের ঐ দুই-একটা উইকেট হয়তো প্রভাব ফেলবে না। মনে হবে না যে, আমরা খারাপ অবস্থায় আছি।”

“যেভাবে মিরাজ ও মুশফিক ভাই ব্যাটিং করছে, এই জুটিটা যদি বড় হয়, তাহলে আমাদের টিম ভালো অবস্থায় যাবে।”