২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের কাছে এই সিরিজ জয় ঈদের আনন্দ ‘বিসর্জন’ দেওয়ার পুরস্কার

ঈদের সময়টায় দেশে না ফিরে গিয়ে আবু ধাবিতে প্রস্তুতি নিয়েছে আফগানিস্তান দল, সেই ত্যাগের ফল পেয়ে তৃপ্তি পাচ্ছেন অধিনায়ক হাশমতউলল্লাহ শাহিদি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 10:44 PM

Updated : 08 Jul 2023, 11:06 PM

এবার ঈদুল আজহার সময়টায় ছুটি কাটাননি আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা। তখন দেশেও যাননি তারা। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে চোখ রেখে এই সময়টায় তারা প্রস্তুতি ক্যাম্প করেন আবু ধাবিতে। সিরিজ জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলছেন, তাদের ত্যাগ ও পরিশ্রমের ফসল এই জয়।

ঈদের আগে মিরপুরে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি আফগানরা। ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় রেকর্ড ব্যবধানে। এরপর টেস্ট দলের যারা সীমিত ওভারের দলে আছেন এবং অন্য যারা সীমিত ওভারে খেলেন, তারা ক্যাম্প করেন আবু ধাবিতে। ঈদের সময়ও তারা ছিলেন সেখানেই। ঈদের পর বাংলাদেশে আসেন তারা আবু ধাবি থেকেই।

আগে দুই দফায় বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেললেও দুবারই ২-১ ব্যবধান হেরে যায় তারা। এবার হলো ভিন্ন কিছু। সিরিজ জিতে নিল তারা প্রথম দুই ম্যাচেই। কোনো ম্যাচেই বাংলাদেশ খুব একটা লড়াই করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে শনিবার তো আফগানরা ব্যাটে-বলে বিধ্বস্ত করে ছাড়ে বাংলাদেশকে।

সিরিজ জয়ের পর আফগান অধিনায়ক শাহিদি হাসিমুখে বললেন, ঈদ আনন্দকে পাশে সরিয়ে ঘাম ঝরানোর পুরস্কার পেয়েছেন তারা।

“খুবই খুশি, আলহামদুলিল্লাহ যে আমরা সিরিজটি জিততে পেরেছি। দুর্দান্ত পারফর্ম করেছে গোটা দল।”

“আমাদের বোলাররা সবশেষ সিরিজে খুব ভালো করতে পারেনি। সঠিক জায়গায় বল রাখতে পারেনি। তবে এই সিরিজের জন্য গোটা দল আমরা ঈদকে বিসর্জন দিয়েছি এবার। আবু ধাবিতে ছিলাম আমরা, ১৪ দিন কঠোর পরিশ্রম করেছি। গত সিরিজে যে জিনিসগুলি ভালো করতে পারিনি, সেসব নিয়ে কাজ করেছি আমরা। সেটির ফল পেয়েছি।”

টস হেরে এ দিন আগে ব্যাটিংয়ে নামতে হয় আফগানদের। উইকেটে ঘাস ছিল বেশ। তবে দুই আফগান ওপেনার স্রেফ তুড়ি মেরে যেন উড়িয়ে দেন বাংলাদেশের বোলিং। ২৫৬ রানের অসাধারণ জুটি গড়েন ২১ বছর বয়সী দুই ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

পরের সময়টায় দ্রুত কিছু উইকেট হারিয়ে আর প্রত্যাশিত স্কোরের দিকে যেতে পারেনি আফগানিস্তান। তবে ৩৩১ রানের পুঁজি যে যথেষ্ট, তা জানতেন শাহিদি।

“উইকেট খুব সহজ ছিল না। তবে আমাদের ওপেনাররা দারুণ শুরু এনে দেয় আমাদেরকে। তারা অসাধারণ খেলেছে। প্রথম উইকেট হারানোর পর নতুন ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ ছিল না। পরপর কয়েকটি উইকেট আমাদের একটু চাপে ফেলে দেয়। তার পরও ভালো স্কোর ছিল আমাদের।”

বাংলাদেশকে হারানোর পর এখন বড় স্বপ্নও দেখছেন আফগানরা। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপে দারুণ কিছু করার প্রত্যয় শোনালেন আফগান অধিনায়ক।

“গত দুই বছর ধরে এই দলটাকে গড়ে তুলছি আমরা। কাজ করে চলেছি। প্রতিটি সিরিজে ম্যাচ ধরে ধরে উন্নতি করছি। ফল পেতে শুরু করেছি। ইনশাল্লাহ আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলে ওপর আমার বিশ্বাস আছে অনেক। আশা করি আমরা লক্ষ্য পূরণ করতে পারব।”