২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মনস্তাত্ত্বিক নিরাপত্তার’ সুবাসে বদলে গেছে ড্রেসিং রুমের আবহ

ক্রিকেটারদের মানসিকভাবে নির্ভার রেখে মাঠে নিজেদের উজাড় করে দেওয়ার মতো পরিবেশ তৈরির চেষ্টা করছেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 04:12 PM

Updated : 26 Mar 2023, 06:11 PM

‘আমার মনে হয় না কিছু বদলেছে’- ছোট করে বললেন চান্দিকা হাথুরুসিংহে। তার কাছে প্রশ্ন ছিল, নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের মধ্যে কোথায় পার্থক্য এসেছে। কিছু বদলায়নি বলার পরই অবশ্য বাংলাদেশ কোচ বললেন ড্রেসিং রুমের আবহে খানিকটা বদলের কথা। যে আবহে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক নিরাপত্তার সৌরভ।

দ্বিতীয় মেয়াদে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্বে আছেন হাথুরুসিংহে। নতুন অধ্যায়ে এখন পর্যন্ত সফলই বলা চলে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও, টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষেও দেখিয়েছে প্রত্যাশিত দাপুটে পারফরম্যান্স।

স্রেফ দুই মাসে দলের অনেক কিছু বদলে ফেলা সহজ কাজ নয়। হাথুরুসিংহে সে পথে হাঁটেননি। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জানালেন, ক্রিকেটারদের মধ্যে আমূল পরিবর্তন না এনে বরং চেষ্টা করেছেন তাদের মনোজগতে নির্ভরতার বীজ বুনে দেওয়ার।

“একই ক্রিকেটার, তাদের স্কিলও একই। আমার মনে হয় না কিছু বদলেছে। শুধু ড্রেসিং রুমের পরিবেশ একটু বদলেছে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে আলোচনা করি। আমি দলের মধ্যে মনস্তাত্ত্বিক নিরাপত্তা আনার চেষ্টা করেছি।”

“তাদেরকে বলেছি ফল যেমনই হোক, তারা ভালো করুক বা ব্যর্থ হোক, তাদের মূল্য আছে। তারা একই ক্রিকেটার, আমরা তাদের একই চোখে দেখি। তারা আমাদের কাছে মূল্যবান এবং তাদের স্কিলসেটের কারণেই আমরা তাদের দলে নিয়েছি। এর বাইরে মনে হয় না, কিছু বদলেছে। আমি জানি না এর আগে কী হয়েছে, তবে স্কিল একই আছে।”

হাথুরুসিংহে পুনরায় দায়িত্ব নেওয়ার পর খেলা তিন সিরিজে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে সবকয়টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তারা। ফিল্ডিংয়েও স্পষ্ট উন্নতির ছাপ। ব্যাটিংয়েও পরপর দুই ম্যাচে দেখা গেছে তিনশ ছাড়ানো ইনিংস।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। দলের ভালো করার পেছনে প্রধান কোচের ভূমিকার কথা জিজ্ঞেস করা হলে ফের মনস্তাত্ত্বিক নিরাপত্তার কথাই বললেন কোচ।

“একটু আগেই বলেছি, একটি শব্দেই এটি তুলে ধরা যায়-‘মনস্তাত্ত্বিক নিরাপত্তা।’ বড় একটি শব্দ এটি। এর পেছনে অনেক ব্যাপার আছে। যেমন, আপনি এমন একটা পরিবেশ তৈরি করলেন, যাতে খেলোয়াড়রা ফলাফলের ব্যাপারে, এর প্রভাবের ব্যাপারে চিন্তা না করে নিজের সেরাটা উজাড় করে দিল। শুধু কোচ বা নির্বাচকেরা নন, এমনকি সতীর্থদের কাছ থেকেও… তারা যদি খোলা মনে চেষ্টা করতে পারে, এরপরও ব্যর্থ হয়- তবু ঠিক আছে। তারা ওই একই খেলোয়াড়ই থাকবে, যাদের ওপর আমাদের আস্থা আছে।”

“আমার মনে হয়, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। এমনকি আমাদের মধ্যে, অন্য কোচরাও বলেছেন আমাকে, এটিই সবচেয়ে বড় পরিবর্তন। আমিও এটি তৈরি করার চেষ্টা করছিলাম। আমি জানি, এমন একটা পরিবেশ তৈরি করতে পারলে তারা নিজেদের সেরাটা দিতে পারবে। তাদের সেরাটাও যদি মাঝেমধ্যে যথেষ্ট না হয়, আমরা হারব। তা ঠিক আছে। খেলাটাই তো এমন।”