১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দেশের বাইরে যাওয়ার অনুমতি পেলেন লামিছানে

তারকা লেগ স্পিনারকে দলে যোগ করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 09:27 PM

Updated : 28 Feb 2023, 09:27 PM

দুবাইয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে সন্দিপ লামিছানের খেলার সুযোগ তৈরি হয়েছে। ধর্ষণ মামলায় জামিনে থাকা তারকা এই লেগ স্পিনারকে নেপালের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

পাপুয়া নিউগিনি, নেপাল ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত নিয়ে চলছে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ত্রিদেশীয় সিরিজ। গত শনিবার সিরিজটির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে লামিছানেকে রাখতে পারেনি নেপাল।

ধর্ষণের অভিযোগে গত নভেম্বরে কারাগারে যাওয়ার পর গত মাসে জামিনে মুক্ত হলেও লামিছানের দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। আবেদনের পর সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা সোমবার সংবাদ সংস্থা এএফপি-কে জানান লামিছানের আইনজীবী সরোজ ঘিমির।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৪ উইকেটে হারায় নেপাল। বৃহস্পতিবার আমিরাতের মুখোমুখি হবে তারা। লামিছানেকে দলে যোগ করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

লামিছানের জামিন প্রত্যাহার করার জন্য নেপালের এটর্নি জেনারেলের আবেদন খারিজ করে দেয় আদালত।

জামিন পাওয়ার পর লামিছানেকে ঘরের মাঠে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে রাখে নেপাল। যা নিয়ে নেপালের অনেকের মাঝেই ছিল অসন্তোষ। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ক্যাম্পে বিক্ষোভও করেন তারা।

সিরিজের সময় লামিছানেকে দলে ফেরানোর নীরব প্রতিবাদ জানায় সফরকারী দল দুটিও। নেপালের সব ক্রিকেটারের সঙ্গে ম্যাচ শেষে হাত মেলালেও ২২ বছর বয়সী লামিছানের সঙ্গে হাত মেলাননি স্কটল্যান্ড ও নামিবিয়ার ক্রিকেটাররা।

ওই সিরিজে চার ম্যাচে ১৩ উইকেট নেন লামিছানে। যা নেপালের সবকটি ম্যাচ জয়ের পথে রাখে বড় অবদান।