মাইলস্টোন ট্র্যাজেডি : হতাহতদের সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ দল
পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সাফল্য মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের উৎসর্গ করার ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনার পর ম্যাচটি শুরু হয়েছিল প্রবল শোকের আবহে। ক্রিকেটীয় লড়াইয়ে দাপুটে শুরুর পর শেষ দিকে রোমাঞ্চের ছড়িয়ে শেষ পর্যন্ত জিতল বাংলাদেশ। নিশ্চিত হলো সিরিজের ট্রফিও। বহু কাঙ্ক্ষিত এই সাফল্য মাইলস্টোন ট্র্যাজেডির শিকার সবার উদ্দেশে উৎসর্গ করলেন লিটন কুমার দাস।
সোমবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে সহমর্মিতা ও শোক প্রকাশ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পর দিন সন্ধ্যার ম্যাচেও তাদের হৃদয়ে যেন ছিল সেই ঘটনার ছাপ। পেশাদারত্বের খাতিরে মাঠে নামলেও তাদের চোখ-মুখ ছিল মলিন।
মাঠের লড়াইয়ে শোককে শক্তিতে পরিণত করেন জাকের আলি, শরিফুল ইসলামরা। ১৩৩ রানের পুঁজি নিয়ে ৮ রানের জয়ে বাংলাদেশ পায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে ক্রিকেটীয় নানা প্রশ্নের পর নিজ থেকেই সঞ্চালকের কাছে সময় চেয়ে নেন লিটন। পরে মাইলস্টোনের দুর্ঘটনায় আক্রান্ত সবার জন্য সিরিজ জয়টি উৎসর্গ করেন বাংলাদেশ অধিনায়ক।
“আমরা জানি, গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে, পুরো বাংলাদেশ জাতির জন্য হৃদয়বিদারক। এই সিরিজ জয়টি সম্পূর্ণ তাদের। আমরা জানি, যাদের (স্বজন মারা) গিয়েছে তাদের শূন্যতা কিছু দিয়ে পূরণ করতে পারব না। তবে অন্তত আমাদের পক্ষ থেকে, এই সিরিজ জয়টি তাদের জন্য।”
দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকে শামিল হয়ে ম্যাচে শোক প্রকাশের জন্য ম্যাচে নানা আয়োজন রাখে বিসিবি। হতাহতদের জন্য করা হয় দোয়া প্রার্থনা, খেলা শুরুর আগে পালন করা হয় এক মিনিটের নীরবতা, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা পরেন কালো ব্যাজ।
এছাড়া অন্যান্য দিনের মতো এ দিন পুরো ম্যাচে মাঠে কোনো গানও বাজানো হয়নি।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় হতাহত বাচ্চাদের জন্য মন পুড়ছে তাদের সবার।
“আমাদের প্রটোকলে যা যা ছিল, আমরা সব করেছি। তবে দিনশেষে, আমাদের মন কাঁদছে বাচ্চাদের জন্য। আমি নিজেও এখন বাবা। ক্যামেরার সামনে বলে বোঝাতে পারব না, আমাদের ভেতরে কী চলছে। বাচ্চাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। অভিভাবকদের যেন আল্লাহ শক্তি দেন এই শোক বয়ে নেওয়ার।”
