২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কনওয়ে ও মিচেলের সেঞ্চুরি হাতছাড়ার দিন শেষে চাপে জিম্বাবুয়ে

প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের দেড়শ ছাড়ানো লিডের পর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 10:33 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। কিন্তু তিন অঙ্কের স্বাদ পেলেন না কেউই। তারা ছাড়া পঞ্চাশ ছুঁতে পারলেন না দলের আর কেউ। জিম্বাবুয়ের চমৎকার বোলিংয়ে খুব বড় সংগ্রহ গড়তে পারল না নিউ জিল্যান্ড।

বুলাওয়ায়োতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ৩০৭ রানে থামে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস। তারপরও ১৫৮ রানের বড় লিড পায় সফরকারীরা।

প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। দিনের শেষ দিকে ১৩ ওভার খেলে ৩১ রান করতেই দুই উইকেট হারায় তারা। এখনও ১২৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

৫১ রান নিয়ে দিন শুরু করা কনওয়ে ফেরেন ৮৮ রানে। তার ১৭০ বলের ইনিংসটি ১২ চারে সাজানো। দলের বিপদে এক প্রান্ত আগলে রেখে ১ ছক্কা ও ৫ চারে ১১৯ বলে ৮০ রান করেন মিচেল।

দিনের প্রথম বলে উইকেট হারায় ৯২ রান নিয়ে খেলতে নামা নিউ জিল্যান্ড। ব্লেসিং মুজারাবানির শর্ট বলে শর্ট লেগে ধরা পড়েন আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা উইল ইয়াং।

হেনরি নিকোলসকে নিয়ে শুরুর সেই ধাক্কা সামাল দেন ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন তারা। দিনে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে প্রথম ওভারেই নিকোলসকে ফিরিয়ে জমে ওঠা যুগলবন্দিতে ফাটল ধরান মুজারাবানি।

৬ চারে ৩৪ রান করেন নিকোলস। এই ইনিংসের পথে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এরপর দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড। দুই অঙ্ক ছোঁয়ার আগেই বিদায় নেন রাচিন রাভিন্দ্রা, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো কনওয়েকে বাউন্সারে ফেরান চিভাঙ্গা। ১ উইকেটে ১৫৮ থেকে ৬ উইকেটে ২০০ হয়ে যায় কিউইদের স্কোর। 

বিপদে পড়া দলের হাল ধরেন মিচেল। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন মিচেল স্যান্টনার ও ন্যাথান স্মিথ। আরেকটি পঞ্চাশোর্ধ জুটি পায় নিউ জিল্যান্ড মিচেল ও স্মিথের ব্যাটে। ৭৯ বলে ২২ রান করা স্মিথ আহত অবসর হয়ে মাঠ ছাড়লে শেষ হয় ৬১ রানের জুটির পথচলা। 

ম্যাট হেনরির বিদায়ের পর শেষ ব্যাটসম্যান হিসেবে ড্রেসিং রুমে ফেরেন ৮৫ বলে পঞ্চদশ টেস্ট ফিফটি করা মিচেল।

পিছিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের দুই ওপেনার এবারও ভালো কিছু করতে পারেননি। সপ্তম ওভারে হেনরির বাউন্সারে ফাইন লেগে ধরা পড়েন বেন কারান। পরের ওভারেই ব্রায়ান বেনেটকে কট বিহাইন্ড করেন উইল ও’রোক।

নিক ওয়েলচ ও নাইটওয়াচম্যান ভিনসেন্ট মাসেকেসা আরও কোনো বিপদ হতে দেননি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৪৯

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ৯২/০) ৯৬.১ ওভারে ৩০৭ (ইয়াং ৪১, কনওয়ে ৮৮, নিকোলস ৩৪, রাভিন্দ্রা ২, মিচেল ৮০, ব্লান্ডেল ২, ব্রেসওয়েল ৯, স্যান্টনার ১৯, স্মিথ আহত অবসর ২২, হেনরি ৫, ও’রোক ০*; মুজারাবানি ১৬-৫-৭৩-৫, চিগাঙ্গা ১৮-৩-৫১-২, নিয়ামহুরি ১৬.১-২-৬৪-১, রাজা ২০-২-৬৩-১, উইলিয়ামস ৭-১-২৩-১, মাসেকেসা ৯-১-২৯-১)

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১৩ ওভারে ৩১/২ (বেনেট ১৪, কারান ১১, ওয়েলচ ২*, মাসেকেসা ০*; হেনরি ৪-০-১১-১, ও’রোক ৪-১-১৮-১, ব্রেসওয়েল ৩-২-১-০, স্যান্টনার ২-১-১-০)