২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের ভার ‘ড্রেসিং রুমে রেখে’ সুরিয়াকুমারের ম্যাচ জেতানো ইনিংস

ব্যাটিংয়ের সময় শুধু উপভোগের চেষ্টা করে যান বিস্ফোরক এই ব্যাটসম্যান।

নেতৃত্বের ভার ‘ড্রেসিং রুমে রেখে’ সুরিয়াকুমারের ম্যাচ জেতানো ইনিংস

৪২ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুরিয়াকুমার ইয়াদাভ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2023, 04:40 PM

Updated : 24 Nov 2023, 04:49 PM

ওয়ানডে বিশ্বকাপটা ভালো কাটেনি সুরিয়াকুমার ইয়াদাভের। তবে তার ‘প্রিয়’ টি-টোয়েন্টি সংস্করণে ফিরতেই ফের স্বরূপে এই বিস্ফোরক ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপের মুখে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংসে ভারতের জয়ের নায়ক তিনিই। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, অধিনায়কত্বের ভার কাঁধে না নিয়ে উপভোগের মন্ত্রে তার এই ইনিংস।

ঘরের মাঠে বিশ্বকাপে সাত ইনিংসে ব্যাটিং করে ছয়বারই ২৫ পার করতে পারেননি সুরিয়াকুমার। ফাইনালে হারের দিনে স্লোয়ার বাউন্সারে তাকে বেঁধে রাখে অস্ট্রেলিয়ার বোলাররা। সেই তিনিই ফাইনালের চার দিন পর প্রথম টি-টোয়েন্টিতে ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন।

ভিশাখাপত্তমে বৃহস্পতিবার ২০৯ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে যখন ব্যাটিংয়ে যান সুরিয়াকুমার, ২২ রানে ২ ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে ভারত। সেই চাপ সরে যায় অধিনায়কের খুনে ব্যাটিংয়ে। যখন তিনি বিদায় নেন, জয়ের জন্য দরকার আর ১৫ বলে ১৪। শেষ ওভারে কয়েকটি উইকেট হারালেও রিংকু সিংয়ের নৈপুণ্যে এক বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

এর আগে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়কত্ব করলেও এই প্রথম ভারতকে নেতৃত্ব দিলেন সুরিয়াকুমার। নিয়মিত অনেক খেলোয়াড়ের বিশ্রাম আর হার্দিক পান্ডিয়ার চোটে সুযোগটি পান তিনি। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, ব্যাটিং করতে গিয়ে নেতৃত্বের বাড়তি দায়িত্ব অনুভব করছিলেন কি-না। উত্তর দেন তিনি হাসিমুখে।  

“সেই (নেতৃত্বের) ভার আমি ড্রেসিং রুমে রেখে এসেছি। যখনই ব্যাট করতে নামি, ১০ কিংবা ৪০ যত বলই খেলি না কেন, নিজের ব্যাটিং উপভোগের চেষ্টা করি।”

ভারতকে নেতৃত্ব দেওয়াকে অবশ্য ক্যারিয়ারের বড় মুহূর্ত হিসেবেই দেখেন তিনি।

"এটা গর্বের মুহূর্ত, খুবই গর্বের মুহূর্ত। কেউ যখন খেলে, তখন ভারতের প্রতিনিধিত্ব করার কথা ভাবে, কিন্তু ভারতের অধিনায়কত্ব করা বড় একটা ব্যাপার।”

ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইশান কিষানও। ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন এই কিপার-ব্যাটসম্যান। তার সঙ্গে তৃতীয় উইকেটে ৬০ বলে ১১২ রানের জুটি উপহার দেন সুরিয়াকুমার।