২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলতে পারায় কষ্ট পেয়েছেন শরিফুল

‘বিশ্বকাপে সব ম্যাচে জন্যই প্রস্তত ছিলাম’, আক্ষেপ নিয়ে বললেন বাঁহাতি এই পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 05:10 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

বেশ কিছুদিন ধরে একটু আড়ালেই ছিলেন শরিফুল ইসলাম। সেই যে হাতে চোট পেয়ে ছিটকে পড়লেন দলের বাইরে, সেরে ওঠার পরও আর ফেরা হলো না মাঠে। হুট করেই তার ফেরার একটি সুযোগ চলে এলো। বদলি হিসেবে সুযোগ পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগের খেলার। সেই রোমাঞ্চকে সঙ্গী করে ঢাকা ছাড়ার সময় তরুণ বাঁহাতি পেসার বলে গেলেন একটি মনোবেদনার কথাও- বিশ্বকাপে একটি ম্যাচও যে খেলার সুযোগ হলো না! 

সবশেষ গত ১ জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন শরিফুল। এরপর আর ম্যাচ খেলার সুযোগ পাননি। চোট পাওয়ার আগ পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন তিনি। সুই বোলিংয়ের দারুণ প্রদর্শনীতে নিজেকে নতুন করে চেনাচ্ছিলেন নিত্য। 

সেখান এক মাসের বিরতিতে ছন্দে ভাটা পড়ার কথা, স্কিলেও পড়তে পারে মরচে। ঝালাই করার সুযোগটা করে দিল এলপিএলের দল ক্যান্ডি ফ্যালকন্স। অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান শাহিন্স (এ দল) দলে ডাক পাওয়া পেসার মোহাম্মদ আলির বদলে শরিফুলকে তারা নিল দলে। বুধবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তিনি বললেন, এই সুযোগে নিজেকে ফেরাতে চান আগের ছন্দে। 

“এলপিএলে যাচ্ছি, চেষ্টা করব যেন নিজের সেরাটা দিতে পারি। অনেক দিন থেকে ম্যাচ খেলা হচ্ছে না। এখানে খেলে যেন আগের মতো করে ফিরতে পারি।”

‘আগের মতো ফেরা’ মানে চোট পাওয়ার আগে যেমন ছিলেন। গত কিছুদিনে সব সংস্করণ মিলিয়ে তিনিই ছিলেন হয়তো দলের সেরা বোলার। অথচ গোটা বিশ্বকাপে তিনি দর্শক হয়েই রইলেন। সেই প্রস্তুতি ম্যাচে ভারতীয় ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে ছুটে আসা ছোবল দিল তার হাতে। হাতে সেলাই পড়ল ছয়টি। তখনও ভাবনা যায়নি, বিশ্বকাপের দুয়ারই বন্ধ হয়ে যাবে তার জন্য।

তখন ধারণা করা হচ্ছিল, বড়জোর একটি-দুটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি ফিটও হয়ে উঠলেন সময়মতো। কিন্তু তার বদলে সুযোগ পেয়ে তানজিম হাসান আগুনঝরা বোলিং করলেন। কোনো ম্যাচেই আর সুযোগ মিলল না তার।

সুপার এইটে ভারতের বিপক্ষে ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নানা পারিপার্শ্বিকতার কারণে তাকে একাদশে রাখার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের কৌশল আর টিম কম্বিনেশনে তার জায়গা হয়নি। 

এটা নিয়ে তার হৃদয়ে যে দহন হয়েছে, তা লুকালেন না ২৩ বছর বয়সী পেসার। 

“আফসোস বলতে…কপালে যেটা লেখা ছিল, সেটার ওপরে তো আর কিছু করার নেই। খুব আশায় ছিলাম যে, একটা হলেও ম্যাচ খেলব। ওইখানে একটু কষ্ট লাগা আর কী…।”

“আমি তো সব ম্যাচের জন্যই প্রস্তুত ছিলাম। এখন টিম কম্বিনেশনে… সবাই খুব ভালো করছিল। ওখান থেকে এজন্যই হয়তো আর ম্যাচ পাওয়া হয়নি…।”

গত এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। দেশের বাইরের লিগে এখনও পর্যন্ত তার একমাত্র ম্যাচ সেটিই। দলের বড় হারের ম্যাচে সেদিন স্রেফ এক ওভার বল করার সুযোগ হয়েছিল তার। দেশের বাইরের লিগের কথা বললে অবশ্য, সবচেয়ে আকর্ষণীয় লিগেই খেলার হাতছানি তার ছিল। বদলি ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ তার এসেছিল। তবে বিসিবির অনাপত্তিপত্র তখন পাননি তিনি। 

তবে না পাওয়ার কারণও তিনি অনুধাবন করতে পারেন। 

“তখন দেশের খেলা ছিল, এজন্যই ছাড়েনি বিসিবি। এখন সময়টা ফাঁকা আছে, এজন্য বিসিবি হয়তো এনওসি দিয়েছে।”

এলপিএলে এবার শরিফুল ছাড়াও বাংলাদেশ থেকে খেলছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। কদিন পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন সাকিব আল হাসান। কানাডার লিগে দল পেয়েছেন শরিফুল নিজেও। এছাড়াও রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিনও আছেন এই লিগে।

দেশের বাইরের লিগগুলোয় বাংলাদেশের ক্রিকেটারদের খেলতে না দেওয়া নিয়ে আগের কঠোর অবস্থান থেকে এখন অনেকটাই সরে এসেছে বিসিবি। এতে দেশের ক্রিকেটেরই উপকার হবে বলে মনে করেন শরিফুল। 

“নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা চেষ্টা করব যে, সবাই যেন ভালো করে। আমরা যদি ভালো করি, নিজেদেরই বিশ্বাস বাড়বে।”

 “দেখুন, আফগানিস্তানের ক্রিকেটাররা কিন্তু সব ফ্র্যাঞ্চাইজি খেলছে। টি-টোয়েন্টিতে সব ক্রিকেটারের সঙ্গে খেলছে। একজন ক্রিকেটার বড় বড় ক্রিকেটারদের সঙ্গে খেললে নিজেদের প্রতি অনেক সহজ লাগে। কারণ, তাদের সঙ্গে ম্যাচ খেললে তাদের দুর্বল জায়গা বেশি করে জানা যায়। সেক্ষেত্রে ভালোই হবে।”