Published : 09 Jan 2026, 10:20 PM
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটির আর এক মাসও নেই। অথচ বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণই এখনও নিশ্চিত নয়। বিতর্ক আর অস্থিরতায় উত্তাল দেশের ক্রিকেট। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে যায়, তাহলেও বড় সংশয় থাকবে মানসিক প্রস্তুতি নিয়ে। নাজমুল হোসেন শান্ত যেমন অকপটেই বললেন, চারপাশের এসব বিতর্কের প্রভাব ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রবলভাবেই পড়ে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। এবার তিনি অধিনায়ক তো দূরের কথা, বিশ্বকাপ দলের ধারেকাছেও নেই। তবে দেশের ক্রিকেটের অবস্থা তো তিনি দেখছেন!
বিপিএল চলছে, তবে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা আছে সামান্যই। মাঠের বাইরের নানা ঘটনা আর বিতর্কে জেরবার দেশের ক্রিকেট।
আগেও বিভিন্ন সময়ে বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট টালমাটাল হয়েছে মাঠের বাইরের নানা সঙ্কটে। শান্ত নিজেও সেসবের স্বাক্ষী ও ভুক্তভোগী। যদিও বিসিবির ‘কোড অব কন্ডাক্ট’ আর পেশাদারিত্বের মোড়কে নিজেদের সত্যিকারের ভাবনা তাদেরকে দমিয়ে রাখতে হয় নানা সময়ে। তবে এবার তিনি একটু আলগা করলেন মনের আগল।
টি-টোয়েন্টি দলে জায়গা হারালেও তিনি বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, দেশের টেস্ট অধিনায়ক। চাইলেও অনেক কিছু বলার জো নেই তার। তবে সিলেটে শুক্রবার বিপিএলের ম্যাচ শেষে রাজশাহী অধিনায়ক বেশ স্পর্শকাতর কথাগুলিই খোলাসা করলেন অনেকটা।
“আমাদের বিশ্বকাপের ফলাফল যদি দেখেন, কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলিনি। গত বছর বিশ্বকাপে আমরা ভালো করেছি, তবে আরও ভালো করার সুযোগ ছিল। আমরা পারিনি। কিন্তু আপনি দেখবেন, প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। আমি দু-তিনটি বিশ্বকাপ যা-ই খেলেছি, এই জিনিসগুলোর প্রভাব পড়ে।’
“আমরা অভিনয় করি যে, ‘নাহ, আমাদের কিছু হয় না, আমরা দারুণ পেশাদার ক্রিকেটার।’ কিন্তু আপনারাও জানেন, আমরা অভিনয় করি। এটা সহজ নয়। ক্রিকেটাররা এরপরও অবশ্যই চেষ্টা করে ওসবকে দূরে রেখে দলের জন্য পারফর্ম করতে। তবে এসব না হলেই ভালো।”
এবারের বিতর্কের সূত্রপাত গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে। বাঁহাতি এই পেসারকে ছেড়ে দেওয়ার পরদিন বিসিবি জানায়, ভারতে আগামী মাসের বিশ্বকাপে খেলতে যাবে না তারা। দেশে আগামী আইপিএলের সম্প্রচার বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়। বিশ্বকাপে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে এখনও।
এর মধ্যেই তামিম ইকবালের কিছু মন্তব্যের জের ধরে তাকে ‘ভারতীয় দালাল’ বলেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। সেটি নিয়ে এখন বইছে বিতর্কের ঝড়ো হাওয়া। ক্রিকেটারদের সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি জানিয়ে দিয়েছে, বাংলাদেশ দলকে বিশ্বকাপে দেখতে চান তারা এবং বিশ্বকাপ থেকে কোনোভাবেই যেন ক্রিকেটারদের বঞ্চিত না করা হয়। সেই সংবাদ সম্মেলনে ছিলেন বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক সাইফ হাসানসহ বিশ্বকাপ স্কোয়াডের বেশ কজন ক্রিকেটার।
আগের নানা সময়ের বিতর্কগুলোর চেয়ে এবারের বিতর্কের ধরন যে ভিন্ন, তা অবশ্য বলছেন শান্ত। পাশাপাশি সব বিতর্ক পাশে ঠেলে বিশ্বকাপে ভালো খেলতে দলকে শুভ কামনা জানালেন তিনি।
“এবারের ব্যাপারটা আমি বলব যে, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা কীভাবে হয়ে গেছে, বিস্তারিত জানি না। তবে যেটা হচ্ছে, এটা আসলে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি বা পারব কি না বা কোন পথে নিয়ন্ত্রণ করা যেত, এটা নিয়ে আমার ধারণা নাই।”
“তার পরও আমি বলব, অভিনয় করে করে হলেও ভালো মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমরা যাই, যেখানেই খেলি, ওখানে চেষ্টা করা উচিত যে, কীভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি।”