৫ উইকেটের রেকর্ড-রাঙা পথে আবার শীর্ষে সাকিব
ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেটের পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও সর্বোচ্চ উইকেট শিকারি এখন বাংলাদেশ অধিনায়ক।
স্লোয়ার ডেলিভারিতে শরীরের দূর থেকে সুইপ খেলার চেষ্টা করলেন লর্কান টাকার। ব্যাটের ওপরের দিকে লেগে বল উঠে গেল ওপরে, স্কয়ার লেগে সহজ ক্যাচ নিলেন রনি তালুকদার। প্রথম বলেই উইকেট সাকিব আল হাসানের। শুরুর সেই সাফল্যের হাত ধরে পরের দুই ওভারে উইকেট নিলেন তিনি দুটি করে। বাংলাদেশ অধিনায়ক আবারও পৌঁছে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে সবার ওপরে।
শীর্ষে সাকিব আগেও ছিলেন। পরে তাকে টপকে যান টিম সাউদি। নিউ জিল্যান্ডের পেসারকে ছুঁতে এই ম্যাচে সাকিবের প্রয়োজন ছিল ৩ উইকেট। তিনি উইকেট নেন আরও দুটি বেশি।
১০৫ ইনিংস বোলিং করে ১৩৪ উইকেট সাউদির। আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার চট্টগ্রামে ২২ রানে ৫ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন সাকিব। ১১২ ইনিংসে তার শিকার এখন ১৩৬।
সাউদি এখনও খেলছেন। তার সামনে তাই আবার ওপরে ওঠার হাতছানি থাকছেই। তেমনি সাকিবের সামনেও থাকবে অবস্থান সংহত করার সুযোগ। এই লড়াইয়ে আরেকজনকেও বিবেচনায় রাখতে হবে জোর দিয়ে। ৮০ ইনিংসেই ১২৯ উইকেট হয়ে গেছে আফগান লেগ স্পিনার রশিদ খানের।
এই তিনজন ছাড়া একশর বেশি উইকেট আছে ইশ সোধি (১১৪), লাসিথ মালিঙ্গা (১০৭), শাদাব (১০১) ও মুস্তাফিজুর রহমানের (১০০)।
মাইলফলকের এই ম্যাচ আরও কিছু অর্জনে রাঙিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ৫ উইকেট নিলেন দ্বিতীয়বার। একাধিকবার ৫ উইকেট নিয়ে স্পর্শ করলেন রেকর্ড, যেখানে নাম আছে আরও ১১ জনের। তবে অধিনায়ক হিসেবে একাধিক ৫ উইকেট তারই প্রথম।
নিজের প্রথম ওভারের প্রথম বলেই টাকারকে আউট করার পর দ্বিতীয় ওভারের প্রথম বলে রস অ্যাডায়ারকে বোল্ড করেন সাকিব। ওই ওভারের শেষ বলে কট বিহাইন্ড হন গ্যারেথ ডেলানি।
তৃতীয় ওভারে আর প্রথম বলে উইকেট পাননি তিনি। তবে ওভারে জোড়া শিকার ঠিকই ধরা দেয়। তৃতীয় বলে জর্জ ডকরেলকে এলবিডব্লিউ করে ছাড়িয়ে যান সাউদিকে। শেষ বলে হ্যারি টেক্টরকে বোল্ড করে আরও একটু ওপরে ওঠেন তিনি।
এই নিয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৪ বা ততোধিক উইকেট নিলেন তিনি ৭ বার। এখানেও উঠে গেলেন নতুন উচ্চতায়। ৬ বার করে এই কৃতিত্ব দেখাতে পেরেছেন আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের উমর গুল ও বতসোয়ানার ধ্রুবকুমার মাইসুরিয়া।
বোলিং নৈপুন্যের আগে ব্যাট হাতেও সাকিব খেলেন ২৪ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা তিনিই। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ম্যান অব দা ম্যাচ হলেন ১০ বার। দুইয়ে থাকা মাহমুদউল্লাহ সেরা হয়েছেন তার অর্ধেকবার।
১৫ বার ম্যাচ সেরা হয়ে বিশ্বে শীর্ষে এখানে বিরাট কোহলি।
